Monday, October 10, 2022

তাহলে এক গল্প বলি শোনো

আমাদের কার্ক, গ্রেগরি, ইউল, ওমর আর পিটারকে একদিন দাসগুপ্তসাহেব ডেকে পাঠালেন। কার্ক মানে কার্ক ডগলাস মানে শৈলেন গুপ্ত, অডিট ফার্মে কাজ করে, সে সময় ভাগলপুর মেসে বসে বন্ধু তপনের টেপরেকর্ডারে আমীর খাঁ শুনছিল। গ্রেগরি পেক, লছমিন্দর রাম, মেডিক্যাল ছাত্র, আজ হোস্টেলে ফেরেনি, এস.পি.ঘোষ লেনের বাড়ির পিছনের ঘরটায় বন্ধু অমিতের বিয়ে দেওয়ানোর ধকল কাটাচ্ছিল। ইউল ব্রাইনার আর ওমর শরিফ, অর্থাৎ দেবেন্দ্র সহায়, লেখক, সাংবাদিক, আর জ্যোতি ভট্টাচার্য, জেনারাল প্রভিজনের দোকান সামলায়, গিয়েছিল বীণা টকিজ, পিটার উস্তিনভের ‘ক্যুয়োভ্যাডিস’ দেখতে। আর আমাদের পিটার মানে পিটার ও’টুল মানে অসিত হালদার, ইনশিওরেন্স এজেন্ট সত্যি সত্যিই ‘লরেন্স অফ এরাবিয়া’য় এ্যাক্টিং করছিল, তবে বৈশাখীর রিহার্সাল রুমে। সময় গত শতকের ষাটের দশকের মাঝামাঝি।

পাঁচজনের আড্ডার জায়গা শৈলেনের মেস, জ্যোতির দোকান, অসিতের রিহার্সাল রুম এবং মাসের শুরুতে, বেশী রাতে সেন্ট্রাল হোটেল। প্রিয় শখ (সবাইকার) ইংরেজি সিনেমা, ধ্রুপদি সঙ্গীত ও মদ্যপান। এছাড়া ব্যক্তিগত শখও আছে, যেমন অসিত হালদারের থিয়েটার। পাঁচ জন পঞ্চপান্ডব নামে পরিচিত এবং রাজনীতির ধার ধারে না। অথচ আমাদের ডাইহার্ড কম্যুনিস্ট ডঃ ডাশগুপ্তের ভক্ত।

বেলা দশটা। পিটার শরীরে রাজসিক এক ভঙ্গিমা খেলিয়ে কাঠের স্কেল মানে ছোরাটা কোমরের খাপে গুঁজছে, মানে প্যান্টের ভিতর, এমন সময় টিনের দরজায় মুষ্ট্যাঘাত। “এ্যাই, কে আছিস ভেতরে?” গলাটা বিশুর মনে হল। পিটার বিরক্ত হয়ে দরজা খুলল।
-              কিরে, তুই এখানে?
-              কেন? আসতে মানা? দিনের বেলাও কেলোর কীর্তি চলে নাকি?
-              চোপ শালা! রিহার্সাল রুমের ভিতরে ফালতু কথা মুখ দিয়ে বার করেছিস কি মেরে থোবড়া পাল্টে দেব।
-              চেষ্টা করে দ্যাখ!
পিটার রাগটা সামলে নেয়। গলা নরম করে বলে, “থিয়েটারকে ভালো চোখে দেখতে শেখ। আর ভালো না লাগে তো দূরেই থাক। গালাগাল দেওয়া কোনো মর্দানগি নয়।
-              আমাদের মস্কো আর্ট থিয়েটার বলে কথা!
-              সেও কখনো শুরু হয়েছিল। আর একটা জাতির থিয়েটার কখনো একটা আর্ট থিয়েটারে সীমিত থাকে না, নানান শহরে, মফস্বলে, গ্রামে-গঞ্জে, নানান রূপে ছড়িয়ে থাকে। … আর কোথাও তো শুরু করতেই হবে।
-              আচ্ছা, ডায়লগবাজি রাখ। বাবা তোদের ডেকে পাঠিয়েছে।
-              ডাক্তারবাবু? কেন?
-              সে তিনিই বলবেন।
-              আমাদের মানে?
-              পঞ্চপান্ডব!
-              কখন?
-              যত তাড়াতাড়ি সম্ভব।
-              কেন বল না!
-              বললাম তো, বাবাই বলবেন।
-              এখনি পাবো কোথায় সবাইকে? … আচ্ছা দেখছি। বাবাকে বল বিকেলে আসব।
-              চলি।

বিশু চলে গেলে আমাদের পিটার আবার দরজা আবজিয়ে লরেন্স সাজতে যাচ্ছিল। কিন্তু ডাক্তারবাবুর ডাক উপেক্ষা করা যায় না। কটকটে হলুদ জামাটা গায়ে চড়াল। তারপর দরজায় তালা লাগিয়ে হাঁটা দিল ভাগলপুর মেসের দিকে। ওখান থেকে কার্কের সাইকেলটা নিয়ে সবাইকে খবর দিয়ে আসতে হবে।

 

বিকেলে জুটান হল। বেলা চারটে নাগাদ। ডাক্তার দাশগুপ্ত ফোনে নিজের স্বাভাবিক ধীর কন্ঠস্বরে কথা বলছিলেন, “আপনাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না।” একটু থেমে, মুচকি হেসে বললেন, “আচ্ছা এবার ফোনটা রাখি? আমার সৈনিকেরা এসে গেছে।” ফোনটা রেখে পঞ্চপান্ডবের দিকে তাকালেন। তারপর ভিতর-বাড়ির দিকে একবার তাকিয়ে বললেন, “বাঃ, খুব তাড়াতাড়ি চলে এসেছ! বোসো।” কম্পাউন্ডার শশীকে হাঁক দিয়ে বললেন, “বিশ মিনট পেশেন্ট মত ভেজো। অওর থোড়া চায়-নাস্তা কা ইন্তজাম করো।” কম্পাউন্ডার চলে গেলে এক সঙ্গে সবার উদ্দেশে কথা শুরু করলেন।

“একটা কাজ আছে। যা শুধু তোমরাই করতে পারবে, আমার বিশ্বাস আছে। সঙ্গে বিশুকেও নিতে পার। তবে আর কাউকে নেওয়ার, বা জানাবারও দরকার নেই। বা, বরং বলব সাবধান থেক, কেউ যেন জানতেও না পারে। … কাজ করা মহিলাদের জন্য একটা হস্টেল তৈরি হচ্ছে জান তো? অশোকনগরে? জমিটা কেনা রয়েছে বহুদিন হল। মহিলা কল্যাণ সমিতি এদিকে উদ্যোগ নিয়েছে বাড়িটা তৈরি করার। চাঁদাও ভালোই উঠছে। তবে দশ দিন হল একটা উটকো সমস্যা গজিয়ে উঠেছে জমিটায়।” …

ফোন বেজে উঠল। শশীকে ডাকলেন। নেই। চায়ের যোগাড় দেখছে বোধহয়। অগত্যা নিজেই ওঠালেন, চুপ করে ওদিককার কথা শুনলেন কিছুক্ষণ। তারপর ওদিককে মাঝকথায় থামতে বলার মত করে হাতটা সামনের দিকে উঠিয়ে হিন্দিতে বললেন, “হ্যাঁ, শুনলাম তো। এত তাড়াতাড়ি তো সারবে না। সময় লাগবে। ওই ওষুধগুলোই চলবে, নিয়ম করে খাবেন। জল একটু বেশি খাবেন। … ঠিক আছে, আপনি আসুন, আমি আবার একবার দেখে নেব। নমস্কার।” ফোনটা রেখে আবার কী ভেবে রিসিভারটা নামিয়ে রেখে দিলেন।

“হ্যাঁ, যা বলছিলাম, একটা উটকো সমস্যা। সেটারই সমাধান খুঁজছি। … জানোই এখানে জমি ফেলে রাখলে কী হয়। তার ওপর আবার ট্রাস্টের নামে জমি। একজন ট্রাস্টি এমন নেই যে তাকে দিয়ে কিছু করান যাবে। পুলিশকে বলে কয়ে একশন নেওয়ান … আর লিখিত নালিশের পথে এগোলে তো গেল, দশ বছরের জন্য। মামলা হবে, শুনানি, রায় …”
কার্ক মানে শৈলেন মুখ খুলল, “কী হয়েছে কী?”
“দশ দিন আগে ওই জমির পূব দিকের একটা কোণ ঘেঁষে একটা সজনে গাছে নিচে শিব দর্শন দিয়েছেন। ব্যস, আর কী! শিবলিঙ্গ ঘিরে ধার্মিকদের আনাগোনা চলছে, ইঁট জুড়ে একটা চাতাল তৈরি হয়ে গেছে, ভীড় বাড়ছে প্রতিদিন!”
-              জমিটুকু হাতাবার ধান্ধা!
-              ঠিক তাই। আর সেটাই তোমাদের রুখতে হবে।
“কিন্তু কী করে …” বলে পিটার এগোতে যাচ্ছিল। ইউল, দেবেন্দ্র সহায় তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল “পান্ডাটা কে জানেন?”
-              পান্ডা বলতে, রেলগুমটির কাছে যে হনুমানমন্দিরটা, তার পুজারির ছোট ভাই। নিজের স্বাধীন জীবিকা সন্ধান করছে।
-              সঙ্গে আরো?
-              ওরই সাঙ্গপাঙ্গরা। তবে বড় ভাই পূজারি, জি, তার প্রশ্রয় এবং সেজন্য দু’তিনজন সরকারি কুলীন ভক্তেরও প্রশ্রয় থাকা স্বাভাবিক। তারা কে কে, জানি না।    
-              কীভাবে কাজটা করতে হবে ভেবেছেন?
ওমর, মানে জ্যোতি দাবড়াল, “উনি আবার কী ভাববেন? আমাদের ভাবতে হবে। এবং করতে হবে। পুলিসে কোনো নালিশ টালিশ, সনহা … হয় নি তো? ব্যস, শিবলিঙ্গ ছিল না, আসেও নি, থাকবেও না। আপনারা ও জায়গা থেকেই ভিত খোঁড়ার কাজ শুরু করার ব্যবস্থা করুন।”
-              কিন্তু নো মারপিট, নো ঝগড়া ঝঞ্ঝাট। ভবিষ্যতে মহিলাদের থাকতে হবে ওখানেই। কৌশল করে কাজটা হাসিল করতে হবে। আর খুব তাড়াতাড়ি করতে হবে। ওরা কোনোরকম ঘোঁট পাকায় তার আগেই।
কম্পাউন্ডার শশী চা’ওলা কে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে চা আর সিঙাড়া কাপে প্লেটে সাজিয়ে দিয়ে গেল। সিঙাড়ায় কামড় দিতে দিতে পিটার পিছন দিকে তাকিয়ে শশীর চলে যাওয়ার আর দরজাটা বন্ধ হওয়ার অপেক্ষা করল। তারপর বলল, “ডাক্তারবাবু, আপনি যেমন নিশ্চিত ভাবে বলছেন আর রহস্যটা ঘন করে তুলছেন তাতে মনে হচ্ছে আপনারই কোন প্ল্যান আছে কাজটা করার। একটু বলুন না। আমার মাথা তো কাজ করছে না কিভাবে করব!
ডাক্তার দাশগুপ্ত হো হো করে হাসলেন।
-              একদম ঠিক। প্ল্যান আমার একটা আছে।
তারপর হঠাত গম্ভীর হয়ে বললেন, “কিন্তু সেটা তখনই বলব যখন জানব যে তোমরা এই কাজটা করবেই।”
পিটার মানে অসিত হালদার কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বলতে থাকলেন, "মানে, আমি বলছি না যে কাজটা তোমরা আমার প্ল্যান মতই করবে। তোমরা নিজেরা মিলে অন্য প্ল্যান করে নিতে পার। হয়ত আমারটায় কিছু ফাঁক আছে যা আমি ধরতে পারছি না। কিন্তু যেভাবেই হোক, কাজটা তোমরা করবেই সে কথা দিতে হবে।”

কার্ক ভুরু কুঁচকে বসে রইল কিছুক্ষণ। তারপর গলা ঝেড়ে বাকি বিন্ধুদের দিকে তাকিয়ে সায় নিল যে সবার হয়ে কথাটা সেই বলবে। তারপর নড়েচড়ে ডাক্তারবাবুর মুখোমুখি হল।
-              আপনি শেষ কথাটায় একটু ধন্ধে ফেলে দিলেন ডাক্তারবাবু।
-              কেন?
-              কেন না এতক্ষণ বা এত দিন অব্দি ব্যাপারটা ছিল এইরকম যে আপনি বললেন আর আমরা করলাম। মাঝে কোনো দ্বিতীয় কথা থাকতেই পারে না। আর আজ আপনি ভাবছেন কোনো দ্বিতীয় কথা হয়ত থাকতেও পারে!
কার্কের কথার ভঙ্গী ডাক্তার দাশগুপ্তকে অপ্রস্তুত করে দিল।
-              তুমি তো সত্যিই লজ্জায় ফেলে দিলে যে শৈলেন, এ্যাঁ? … না, সত্যিই কোনো দ্বিতীয় কথা তোমরা কখনো ভাব নি। কিন্তু কেন বললাম জান? কাজটা কঠিন বলে নয়, খুবই বিপজ্জনক। … অবশ্য আমি আমার নিজের প্ল্যান অনুযায়ী ভাবছি। আচ্ছা, প্ল্যানটা তোমাদের বলেই ফেলি … এভাবে ভাব। ধরে নাও ওই শিবলিঙ্গটা জাগ্রত। এবং ওই শিবলিঙ্গ অন্য কোনো শহরে বা গ্রামে এক আশ্রমের বা আখাড়ার পাশে মন্দিরে ছিল। সেখান থেকে এই পূজারির ভাই ও তার সাঙ্গোপাঙ্গরা শিবলিঙ্গটা চুরি করে নিয়ে এসেছে। সেই আশ্রম বা আখাড়ার কয়েকজন ডাকাবুকো সন্ন্যাসী শিবলিঙ্গটা খুঁজতে খুঁজতে ত্রিশূল ইত্যাদি নিয়ে রাতে এখানে পৌঁছোল। অতর্কিতে হামলা করে তারা, শিবলিঙ্গটা মাথায় তুলে নিয়ে ‘হর হর মহাদেও’ ধ্বনি দিতে দিতে, কেউ কিছু বোঝার আগেই অন্ধকারে হাওয়া হয়ে গেল …।
-              ব্যস, ব্যস, বুঝেছি, বুঝেছি। (হাত জোড় করে মাথায় ঠেকাল) গ্রেট, ডাক্তারবাবু! কাজটা হবেই। এবং দু’দিনের মধ্যে হবে। (বন্ধুদের দিকে তাকায়) কি রে, হবে তো?
ওমর বলে ওঠে, কী আইডিয়া! আমাদের মাথায় খেলত না।
-              তোমরা আরো দু’একজনকে নিতে পার।
-              নাঃ, কাউকে না। টিম ওয়র্কে অসুবিধে হবে।
-              যদি ওরা পাল্টা হামলা করে?
-              করার সময় পাবে বলে মনে হয় না। যাই হোক, আগে জায়গাটা ভালো করে দেখে নিই। তারপর যদি দরকার মনে হয়, আপনাকে বলব।

 

জায়গাটা দেখে আর কুশিলবদের ডসিয়ের ঘেঁটে একটু ঠোস করা হল প্ল্যানটা। গ্রামের নাম, মন্দিরের নাম, লাগোয়া আশ্রমের প্রকৃতি, কবে তৈরি হয়েছে, সংস্থাপক কে ছিলেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁরা সে আশ্রমে এসেছেন পরমপূজ্য গুরুদেবের দর্শন করতে … সব কিছু ভেবে ভেবে লেখার ভার পেল ওমর। লেখা হয়ে গেলে সবাই মুখস্ত করে নিল। কাষায় বস্ত্র, গলার মালা, ছাই ইত্যাদি যোগাড় করল ইয়ুল।   

তখন রেললাইনের ওপারে এদিকটায় অর্থাত পূর্ব দিকে শহুরে বসত গড়া মাত্র শুরু হয়েছিল। রেলগুমটি পেরিয়ে যে রাস্তাটা আজ শহরের এদিককার মেন রোড তখন সেটাই ছিল শহরের বাইপাস। তারপর ক্ষেত, জলা, গ্রাম এবং পশ্চিম দিকে চৌকো চৌকো চৌহদ্দি করে কোঅপারেটিভ কলোনির জমি বিক্রি হতে শুরু করেছে। রাস্তার কাছে জনমানুষ বলতে ট্রাকগুলোর আশেপাশে এবং লাইন হোটেলে। রাত বাড়লে এমন বেশ কিছু অন্ধকার গড়ে ওঠে যেখান থেকে অতর্কিতে আবির্ভূত হয়ে সোজা রেললাইন পেরিয়ে এপারে চলে আসা যায়। অবশ্য তার জন্য লেভেলক্রসিং পেরোবারও দরকার নেই। সবটাই তো খোলা রেললাইন। শুধু শুকনো জায়গা দেখে পার হওয়া।

-              না, লেভেলক্রসিং হয়ে যাব। বম, বম বলতে। ক্রসিংএর স্টাফ যেন পরে বলতে পারে ওরা দেখেছে।

রাত দুটোর একটু পরে, ভিখন গোপের লাইন হোটেল ছেড়ে একটু দূর থেকে যেন ক্ষেতের আল পেরিয়ে রাস্তায় উঠে এল সাধুদের একটা দল। ‘হর হর মহাদেব’এর আওয়াজ তুলে তারা বেশ দ্রুত কিন্তু দেখিয়ে শুনিয়ে লেভেলক্রসিং পেরোল আর এপারে এসে ডানদিকে ঘুরে অন্ধকারে ডুবে গেল। পিটারের ইশারায় সবাই আওয়াজ তোলা বন্ধ করে দিয়েছিল। ওখানেও কারোর কান খাড়া হয়ে যেতে পারে। হস্টেলের জন্য চিহ্নিত ঘেরা জমিটার ভিতরে ঢুকে হঠাত ‘হর হর মহাদেও’, ‘বোল বম’ ধ্বনি তুলে নতুন তৈরি চাতালে শুয়ে থাকা তিনজনকে লাঠি দিয়ে ঈষৎ অন্যমনস্ক খোঁচায় জাগিয়ে ইউল শাপশাপান্ত করে বলতে শুরু করল, ‘মাতঙ্গেশ্বর মন্দির কে শিউলিঙ চুরাকে তু সব মন্দির বনইবে আইজা? পাপী সব! ভসম হো জৈবে বুঢ়া বাবা কে ক্রোধ সে, চল হঠ্‌” বলে খালি পায়ে ওদেরকে নতুন তৈরি চাতালটা থেকে ফেলতে গিয়ে নিজের পায়েই চোট লাগিয়ে ফেলল ইউল। দ্রুত এগোল বাকি চারজনকে ধরতে। কার্ক আর ওমর ততক্ষণে শিবলিঙ্গ উপড়ে মাথায় নিয়ে গেটের কাছে পৌঁছে গেছে। গেট থেকে বেরিয়ে কিছুদুর গিয়েই দু’দল আলাদা হয়ে গেল। পিটার, কার্ক আর গ্রেগরি এক দিকে, শিবলিঙ্গ নিয়ে। ইয়ুল আর ওমর অন্যদিকে, ইয়ুল ঈষৎ খোঁড়াতে খোঁড়াতে। পাঁচজনই দ্রুত হাঁটতে হাঁটতে মালাগুলো খুলে, জামাকাপড় ছেড়ে কাঁধের গেরুয়া ঝোলায় ঢুকিয়ে নিল। ভিতরে হাফ প্যান্ট পরাই ছিল। প্রায় দৌড়োতে দৌড়োতে বড়নালার পাশের গলিটায় ঢুকল।

নালাতেই খালাস করা যেত সব। কিন্তু কার্ক জানত সবাই তার মত নাস্তিক নয়। একটা ভয় চেপে বসতে পারে। তাই যেমন বলা ছিল। মাইল খানেক দৌড়ে সোজা গঙ্গায়। মাঝে শুধু দুবার শিবলিঙ্গ কাঁধবদল হয়েছিলেন।

একটা বড়সড় ঝোপের মধ্যে শিবলিঙ্গটা ঢুকিয়ে রেখে কাঁধের ঝোলাগুলোয় একেকটা ইঁট খুঁজে ঢুকিয়ে, মুখ বেঁধে ফেলে দিল গঙ্গায়। ঝুপ করে চান করে গায়ের ছাই-ফাই সব ধুয়ে ওপরে উঠল। হাফপ্যান্ট ভিজে যাওয়ায় পকেটে রাখা স্যান্ডো গেঞ্জিগুলোও ভিজে গেছে। সেগুলোই পরল। তারপর হাঁটা দিল হাসপাতালের মোড়টার দিকে। না, চা খেতে সবাই যাবে না, রিস্ক আছে। শুধু সিগারেট কিনে নিয়ে আসবে গ্রেগরি। আর তাতেও রিস্ক মনে হল আগেই লেনে বাঁক নিয়ে সোজা বাড়ি।

ওদিকে ইউল আর ওমরও একটু ঘুরে পৌঁছোল গঙ্গায়। পাশের অন্য একটা ঘাটে। একইভাবে সাধুপনার সরঞ্জাম থেকে নিষ্কৃতি পেয়ে হাফ প্যান্ট গেঞ্জি পরে আস্তে আস্তে জগিং আরম্ভ করল। তিনটে বেজে গেছে। স্বাস্থ্যসচেতনতা দেখানই যেতে পারে।

 

পরের দিন জায়গাটায় লোকের ভীড়। সবাই জানতে চাইছে কী হয়েছিল। তারই মধ্যে শশী, বিশু আরো কয়েকজন ঢুকল। সঙ্গে ঠেলায় ডেকরেটরের মালপত্র, বাঁশ, দড়ি। শশী হাঁকল, ‘এ ভাই, গেট খালি করকে বাত কিজিয়ে! ডেকরেটর কো কাম করনে দিজিয়ে! নেতা জি আয়েঙ্গে থোড়ি দের মে।“
-              কুছ হৈ ক্যা?
-              শিলান্যাস হৈ, পূজা-উজা হোতই!
-              সুনলি কি শিউলিঙ চুরা লে গেলউ কেসব! সনহা লিখওয়ৈলি কি না?
-              কৌন শিউলিঙ?

 

 


No comments:

Post a Comment