Showing posts with label Poems by Robin Datta. Show all posts
Showing posts with label Poems by Robin Datta. Show all posts

Tuesday, November 23, 2021

তুই শুধু প্রবুদ্ধ হলি না

 -         বৃদ্ধকালে বুদ্ধি  বাড়ে, তুই শুধু প্রবুদ্ধ হলি না !
            যদিও সর্বত্র আজ নির্মম এক নৈরাজ্য বিরাজে
            ব্যবস্থার ধুন্ধুমার, লুঠমারে আক্রান্ত জীবন
            যদিও সমাজ আজ বিত্ত আর ব্যক্তিগত
            সম্পত্তির আধারে, অপস্মারে ওষ্ঠাগত প্রাণ ;

             তবু এই অন্ধকারে, সত্যের কঠিন মূল্য তুই
             বুঝেও বুঝলি না, দেখেও দেখলি না তোর শিক্ষকেরা
             কেন দিনরাত অদৃশ্য আঙুল তুলে বলে যাচ্ছে দ্বন্দ্ব-আচরণ,
             যুযুধান শ্রেণীযুদ্ধ, বৈজ্ঞানিক সমাজ চেতনা,
             বয়েসের তিনকাল এক করে এখনও তো তোর কোনও চেতনা হল না ।"
         -         বার্দ্ধক্যে স্থিতধী হয়, তোর চিত্ত-চাঞ্চল্য গেল না !
              যদিও কৈশোর থেকে চিত্রকলা, কাব্য, গল্প নিয়ে
              অতিদীর্ঘসূত্রতায় দীর্ঘকাল অকালে কাটালি ;
              যদিও জীবন থেকে বিম্ব, চিত্র, প্রতিচ্ছবি সব
              আহরণ করে গেলি, তুচ্ছ করে দুঃখ, পরিহাস
              তবু ওই জীবনকে ক্ষুদ্র, ক্লিন্ন, খন্ডে, পলে দেখে
              আদৌ দেখলি না তুই মনুষ্য-সম্বন্ধ সব কি বিশাল,
              ব্যপ্ত চরাচরে সূক্ষ্ম, স্থূল, বিচিত্র, জটিল !!
              বুঝেও বুঝলি না তুই, আচরণে দ্বন্দ্ব-প্রকরণ
              যার প্রতি ছত্রে লেখা মানুষের গতি, পরিণতি ;
              ভেবেছিলি শিল্পী হবি, আরে তুই মানুষই হলি না !

-         বৃদ্ধকালে ব্যবস্থিত হয়, তুই রয়ে গেলি এক ছন্নছাড়া
      দারুণ কিম্ভুত ! এখনও হলনা তোর বুদ্ধি বাস্তবিকতার
      এখনও তৎপর তুই তৎসম শব্দ ব্যবহারে জীবনের
      জঞ্জাল স্তুপে, আনবি বলে সুন্দর আঙ্গিক
      জীবনের সাথে যুঝে এখনও শিখলি না তুই
      কি করে সংহত হয়ে করতে হয় লক্ষ্যবিদ্ধ ঠিক ;
      এবং এখনও দেখ, হাঁটুর বয়সী তোর নিত্যসাথী সব
      বৈষয়িক কর্মকান্ডে, সম্পত্তি ও বিত্ত আহরণে
      উঠে যাচ্ছে বৈভব্র অভ্রভেদী শিখরচূড়ায়
      বয়েসের তিনকাল এক করে, তুই আজও সংগঠিত হলি না

       উপস্থিত দর্শকেরা বিবেকের এই সংলাপে
                  ফেটে পড়ে ছিঃ ছিঃ ধিক্কারে
      উচ্চকিত ঘৃণা, উষ্মা, শব্দ হয়ে ভাসে
                        প্রেক্ষাঘরে কঠিন আঁধারে ;

      আলোকিত বৃত্ত জুড়ে সেই বৃদ্ধ বলে ঋজুভাষে

-         তুমি যা বলেছ সত্য, প্রায় ঠিকঠাক, তবুও বেবাক,
      আশা আছে ততক্ষণ, যতক্ষণ শ্বাস ; আমারই
      ভিতরে দেখ, স্তরে স্তরে জমে আছে অজ্ঞানতা, সংস্কার,
      আত্মম্ভরিতার কঠিন পাথর, শিলীভূত স্তূপ সব
      পরতে পরতে আমারও জন্মের আগে থেকে ;

       এসব বিদীর্ণ করে লড়ে যাচ্ছি বারবার ঘোর অন্ধকারে,
       ধিক্কার যে যত কর, আমৃত্যু এই কাজ করে যেতে,
       চাই বে-আক্কেলে ছন্নছাড়া আমি, এবগ অনেকটা
       ঐ ক্ষ্যাপার মতন যে শুধু এখনো খোঁজে
       পথেঘাটে সমুদ্র-সৈকতে জীবনের অগ্নিগর্ভ পরশপাথর !!

    ৫.১.১৩৯৮ (বাংলা সম্বৎ)   

 


 

 

 

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে

তাঁহাদের দৃষ্টি ছিল কালজয়ী হাজার
শলাকাবিদ্ধ অন্ধকার সেলুলার সেল্‌-এ;
শিকল-বেড়ির শব্দ, বীভৎস যাতনা
এইসবে বিচলিত হতনাকো তাঁদের চেতনা;
স্বাধীন দেশের এক কল্পচিত্র ভাসত রেটিনাতে !
 
তাঁহাদের অপার বোধ কালজয়ী আঘাতে
পীড়নে নিত্য স্থূল অপমানে অনুভূতিহীন !
সংগ্রামের সুর এক সূক্ষ্ম সংবেদনে, বলে যেত
প্রতিদিন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায়, বলো কে বাঁচিতে চায়?
তাঁহাদের স্মৃতি আজ ধূসর আঁধারে
জল্লাদের হাতে ফেঁসে নাম হয়ে ঝুলে আছে
দীর্ঘ তালিকায় সেলুলার জেলে আর আমাদের
স্মৃতিহীনতায় বাংলার খাঁড়িতে এই
কালাপানি আন্দামান আর্কিপেলাগোতে !!

অর্দ্ধশতবর্ষ পূর্তি স্বাধীনতা দিবসেতে আজ
অতীতের ঐ দৃশ্য আড়চোখে দেখে নিয়ে,
অন্ধকার, ধীরে তার এলোমেলো চুলে
পোর্টব্লেয়ারের আলো জড়িয়ে নিয়ে মুক্তোর মতন
তাকালো সামনের ঐ পাঁচতারা হোটেলের ব্লেজে,
স্বাধীন দেশের সব গণ্যমান্য অনন্যর ভীড়ে
মদ, মাংস, মার্মালেড, মার্কিন জ্যাজের তালে
আন্দোলিত তন্বী সব মহিলার দিকে ।।

১৫.৮.১৯৯৭



ঝড়ের কার্তুজ

ভেবেছ বৈভব দিয়ে, রাখবে ঢেকে মনের দীনতা
বিত্ত, অর্থ বিলাসে লোকাবে পরজীবি হৃদয়হীনতা?

সময় নিষ্ঠুর আজ সিপাহসালার এক, হাতে যার
নির্মম চাবুক মিলের পাঁশুটে ধোঁয়া কালোছায়া তার

শীর্ণ কামিজের ভাঁজে ঘাম রক্ত, দীর্ঘ নিপীড়নে
মানুষ তবুও বেঁচে মনে রেখো বেঁচে এই দারুণ শোষণে !!

ভেবেছ কি সঙ্গ দিয়ে, সরকারী এ শ্বেত সন্ত্রাসে,
হনন, ধর্ষণ, লুঠে ভরবে দেশ মানুষের লাশে?
 
মানুষ এখনও বেঁচে লুঠ, মার, দুর্ভিক্ষ, মড়কে
রাষ্ট্রের আখের কলে রক্ত দিয়ে গলিতে সড়কে !!
 
বীভৎস বস্তিতে থেকে জেনেছে সে সংগ্রামের গাথা,
করেনি আপোষ কোনও মূল্যবোধে, করেনি শঠতা ।
 
ভেবেছ শিরোপা পাবে শাসকবর্গের এঁটো চেটে,
নিরাপদে থাকবে সুখে পুলিশের কাঁধে কাঁধ সেঁটে ?
 
সময় পাল্টেছে বলে, ভেবো না ওদের আজ বিধ্বস্ত বুরুজ,
কারণ বুকেতে আছে, ক্রোধে ভরা অনিবার্য ঝড়ের কার্তুজ;
 
ভোলে নি স্মৃতির রোষে বারুদের জ্বালাময়ী চাঁদমারি-টারে
হয়ত এখনই নয়, ইতিহাস এ কথার সাক্ষী দিতে পারে ।

বাংলা সম্বৎ ১৪.২.১৪০২



সাইকেল - রবীন দত্ত

এখন আমি আপনাদের সাইকেলের কথা বলব,
নেহাতই মামুলি সাইকেলের কথা ভাইসব!
সেই সাইকেল যার গতি বা গতরে নেই আভিজাত্য,
নেই জৌলুষ, নেই কোনও কুলুজি বা আত্মম্ভরিতার
দাম্ভিকভাব !!
যে যানটি উদ্ভাবন থেকে এখনও ছিমছাম
আবর্তনে বন্‌বন করে ঘুরে যাওয়া দুটো চাকা,
ধাতব ফাঁকা টিউবের শরীর, লোহার চেন, আর হ্যাঁ
বসার জন্য চামড়ার সীট একটা; ব্যাস, ঝাঁ চকচকে
গাড়ী তৈরী, ভাইসব, আসুন, বসুন, পিছুটান ভাবনা ভুলে,
সিটি মারতে মারতে চলে যান সামনের রাস্তা ধরে
নিকট কিম্বা দূর !!
কিন্তু আমি জানি, এবং মুখ দেখেই বুঝতে পারছি
ব্যাপারটা আপনাদের আদপে পছন্দ নয়, বাস, ট্যাক্সি,
ট্রাম, মেট্রোরেল, ভলভো বা এস্ট্রা ওপেলের পাশে
ছন্দপতনের মতন পছন্দ হচ্ছে না দূরন্ত এ শব্দভেদী
গতির যুগে যুগপৎ মন্দগতি এই মামুলি ছ্যাঁকড়া
সাইকেলের কথা !!

যখন ইদানিং তূর্যনিনাদ কংকর্ড, বোয়িং, হোভার ক্র্যাফট
বা দূর্দ্দান্ত ভয়েজার, একদা-অনন্ত অন্তরীক্ষ ও
মহাশূণ্য মেপে শূণ্যে ফেলে দিচ্ছে প্রতিদিন;
যখন গতির প্রচন্ড দাপট, সপাটে জলস্থল,
আভূমি হিমালয়কে ঘাড়ে ধরে পাশাপাশি এনে
দূরকে করে ফেলছে নিকট, তখন আমার একান্ত
আপন ভাইসব, আপনারা কেন শুনবেন মামুলি
এই সাইকেলের কথা ?

আমি জানি, দুয়ে দুয়ে চারের মতন আপনাদের
আকাট যুক্তির খন্ডন, কি দারুণ কঠিন, কিন্তু তবু
একটু ভাববেন দুটো দুর্বল হাড় হাভাতে দুই মিলে
পুরো চার হতে পারে না, যেমন ক্ষণজন্মা কিছু
লোক একাই একশোর মতন এসব আপনারা
ভালোই জানেন আমি শুধু ঝালিয়ে দিলাম !!

আমি জানি, আপনারাও দেখুন প্রগতিবাদী
গতিভক্তেরা মুখ চাওয়াচায়ি করে বিভক্ত
হয়ে গেলেন ভাইসব আপনি, আপনি,
আপনি এবং আপনিও !! তাইলেই বুঝুন
কেন আমি ধীরগতি মামুলি সাইকেলের
কথা বলবো

কারণ, ধুন্ধুমার গতির এই গতিময় যুগে
যুগপৎ গতির এখন চরম দুর্গতি এবং
পরম বৈপরীত্যের এই যুগে গতির সঙ্গে
বেগতিক এক অবস্থা ব্যাবস্থায় অনাস্থা এনে
রাস্তা মাপছে চল্লিশ হাত অন্তর হাম্প, বাম্প,
বা স্পীডব্রেকারে !!

গতির মেলগাড়ি অগতির মালগাড়িতে সেঁধিয়ে,
বেসামাল ঝারসুগোড়ায় কিম্বা বাত্তিকালোয়ায়,
যাত্রীসাধারণের যতিসাধনে ব্রতী হচ্ছে অনন্তর;

কিম্বা, আরো গতিশীল বিমান বা অন্তরীক্ষযান
টুপটাপ খসে পড়লে ভালো করে লক্ষ্য করবেন,
বিবদমান ইউক্রেনিয়ান বাইলোরুশ, প্যালেস্টিনীয়
ইজরায়েলী, রুশ, আমেরিকান, বা নেহাতই পাতি
পাকিস্তানি হিন্দুস্তানী যাত্রীগণ কিরকম জড়াজড়ি
করে তালেগোলে জাতি-সমস্যার আন্তর্জাতিক সমাধান
করে নিচ্ছেন গতিপ্রাপ্তির মধ্যে দিয়ে, ভাইসব !!

এখন এই দারুণ সুসময়ে আমরা হিঁদী ও আমাদের
দেশ হিঁদোস্তান সপ্রমাণে মনের আনন্দে স্রেফ
সাইকেল চালানোও, আহা কি আনন্দের, তাই না ?
এখন ঐ ডি.ডি. ও টিভির যুগপৎ সংক্রমণে
বুদ্ধিজীবিদের মেট্রো চ্যানেলে, স্নায়ু ও শীষ্ণদেশের
নিয়ত চাগাড়ে, খবরের ভাগাড়ে ব্যবস্থার
থাম্‌স আপ, তুফানি ডান্ডা ভারতের রাজ্যে রাজ্যে
জলকামান, কাঁদানে গ্যাস ও বুলেট ১৪৪ ভান্ডাফোড়
রলে সংবিধান ও সি.আর.পি.সি.র শক্ত হাতে
ধরা রক্তধারায়, বাঁশের ব্যালান্সে সোজা সাইকেল
চালিয়ে দেখবেন লাশঘরে আঃ কি ঠান্ডা, কি মজা !!

কিম্বা ঐ এহি হ্যায় রাইট চয়েস বেবে এবং
আহাঃ ওই উদোম-কামদো চিত্ত-জড় বেবীদের
স্ট্রীটক্যাট সাইকেলে চড়লেই দেখতে পাবেন
রাষ্ট্রশক্তির বুমবুম শ্যাকাল্যাকা বুমবুম বোমার
ধোঁয়ায় হাড়কাটা গলি থেকে ট্যাংড়া, মেটিয়াব্রুজ
বা অক্রুর দত্ত লেন থেকে রাষ্ট্রপিতার ক্রূর শ্যেণদৃষ্টি,
বাবরি মস্তক এবং ইস্তক কপালের জয় শ্রীরাম টীকা
ও অনতিদূরের মিলিটারি অপারেশন বজরং পর্য্যন্ত !!

আর ঐ আহা-উহু-ইয়াহুর ফুরফুরে বি.এস.এ.
ইলু, সাইকেলে, আই লাভ ইয় বলতে বলতে
আই.এস.এফ,, আর.সি.এফ., আর.এ.এফ.,
শিবসেনা, কমান্ডো, ভূমিসেনা, মায় ব্যবস্থার
মানবশৃংখল, ধর্মনিরপেক্ষ মধ্য, দক্ষিণ, আবাম
সুপারহিট সিটিবাইকে শ্রমজীবিদের সুপারহাইক
করে যাচ্ছে ডিংডং দাঙ্গার কিংকং অগ্নিযুগে, ভাইসব !!

এবং এই কলিউশ্যন, পলিউশ্যন, ইলিউশ্যন এর
গতিময় শ্যন শ্যন শব্দ, শনৈঃ শনৈঃ আরো,
বহুবিধ সাইকেল বিপরীত বদ্ধতায় ফেলে দিচ্ছে, ভাইসব ।

এখন এই বিত্তব্যাবস্থার ক্যাশ সাইকেল, মুদ্রা-মাল-মুদ্রার
মনমোহন খোলাবাজারে মালামাল হতে গিয়ে,
বেগতিক ক্র্যাশ-সাইকেলে ফেঁসে যাচ্ছে বারবার !!

এখন ঐ ধনবর্দ্ধন মধ্যবিত্তের, হর্ষবর্দ্ধন ফাটকার
ক্রমবর্দ্ধমান সাইকেল শেয়ারের ষাঁড়ের ধাক্কায়
ভোগ, সুখ ও হার্টের অসুখে টেঁসে যাচ্ছে বেবাগ্‌ !!

এখন ঐ আবহাওয়ার অম্লযান সাইকেল ডিজেলে,
পেট্রোলে, কাটা ও গোটা তেলে, যবক্ষার-এর যৌগিকে
কার্বন-সাইকেলের পর্দা ফাঁসিয়ে দিচ্ছে বারবার !!

এখন ঐ দ্যুতিময় গতির এমনি অবস্থা যে
ব্যবস্থার ভেতরঘরে, ভাইসব, এসেছে নধর সুখী
সাইকেল, বাবু ও বিবিদের তেল ঝরার কাজে

যা বহুক্ষণ চালালেও এত্তোটুকুন চলে না,
যার বাঁকানো হাতল ঘুরিয়ে নৌকোর দাঁড় বাওয়ার,
দাঁড়ের প্যাডেল ঘুরিয়ে ঘামের দাম পাওয়ার,
গতরের চর্বি গলিয়ে কোমরের ঢাল বাড়ার
এবং শেষমেশ মনের বেদম দোটানায় শমেদম
রক্তের গুণটানার কাজ চালিয়ে যাচ্ছে আকছার !!

আর ঐ বেকার পরজীবি আজব সাইকেলের বিপরীতে
রয়েছে সারিসারি হাড্ডিসার মেহনতী সাইকেল
যা দিনরাত একাকার করে কাজে ভরে গায়েগতরে,
বাঁচিয়ে রেখেছে গাঁঘর, শহরতলি, মহানগর ও বন্দর !!

আছে, উধাওরাতের খবরভরা কাগজভরা
                   ফুর্তিবাজ, ঝড়ঝড়ে সাইকেল
আছে, ভোরের আলোর দুধের ভারে দোরেদোরে
                   ঘুরে যাওয়া ঢক্‌ঢকে সাইকেল

আছে, সকালবেলার টিনের পেটির দরাজহাঁকা
                   ডবলরুটির নড়বড়ে সাইকেল
 
আছে, দুপুরবেলার সেইসব সাইকেল
          যা পুরানো কাগজ, শিশি-বোতল, প্লাস্টিক
                   বা জঞ্জাল রিসাইকেলে দুষণের হাওয়া
                             বদলে দিতে চাইছে সুষম আবহাওয়ায়;

আছে, রিক্সার তিনচাকা সাইকেল
          যা কোল্‌জের হাপরে সাঁইসাঁই শব্দ তুলে
                   বাউ, বিবি, দাদা, দিদিদের পৌঁছে দিচ্ছে
                             গলি থেকে গতিময় বড় রাস্তায়;

আছে, চোরাচালের বেদমভারী বস্তাবওয়া
গভীর রাতের কঙ্কালসার সাইকেল
আছে আরো অনেকরকম, ভাইসব,
                                      কিন্তু থাক্‌
 
আমি শেষমেশ, সেই দুঃখী সাইকেলের কথা বলব
যা গ্রামেগঞ্জে শহরের পার্কে পার্কে লাগাতার,
একশো আটাত্তর, একশো চুরাশি বা একশো নব্বই ঘন্টা

চালিয়েও বেগতিক শুষে নেওয়া ঘাম, ঘুম ও শ্রমের
পর দিব্যি বুক, পেট, মগজ খালি রেখে নিরন্তর
ভাত ও ভূত হয়ে যাওয়ার সূক্ষ্ম ব্যালান্সেও
ফ্রিলান্স নাগরিক হয়ে বেঁচে থাক্‌তে সক্ষম !!!

                   অতঃপর,
বিশাল প্রাচুর্যের মধ্যে নিদারুণ অনটনের
এই সাইকেলটাও, দেখতে ভুলবেন না, ভাইসব !!!
 
৩.১০.১৯৯২    



Sunday, August 15, 2021

রবীন দত্তের কবিতা

 মানুষের নামভূমিকায়



একবুক বারুদ নিয়ে

একবুক বারুদ নিয়ে, মে মাসের রোদ্দুরে,
                                      মাথা, বুক ঝাঁ ঝাঁ করছে
আপনারা চিন্তা করুন
কারণ আমি বহুদিন এভাবে মাস বছর সপ্তাহ
হু হু করে পেরিয়ে এসে
এখনো একবুক বারুদ নিয়ে বসে আছি;
চুল মুখ সারাটা শরীর যেন মহেঞ্জোদড়োর চিড় ধরা পাঁচিল
          চোখের কোলে ইতিহাসের কালি
চোয়াল শক্ত করে মাস বচ্ছর সপ্তাহ পেরিয়ে আজ এখনো
সময়ের ঘাম ঝরিয়ে যাচ্ছি আর বলছি
আপনাদের যে কেউ একজন বুকের কাছে পাটকাঠিটা ধরুন
মিছিমিছি ভয় পাচ্ছেন কেন, দেখুন না
দারুণ একটা শব্দের মধ্যে দিয়ে
সবকিছু ওলোট পালোট করে কিভাবে ফেটে পড়ি;
এদিক ওদিক একরাশ জঞ্জালের ডাঁই ছাই করে চলে গেলে
দেখবেন সাততলা গাছতলা সব একাকার হয়ে গেছে
নাকউঁচু পাঁচিলগুলো এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
দেখবেন আঙন ভরা চালগুঁড়ির আলপনা, মাটির ঘটে
                                                          আমডাল
লালপেড়ে মেয়েরা ঘুরে ঘুরে শাঁখ বাজাচ্ছে
ছেলে বুড়ো সব্বাই গোল হয়ে হাত ধরে ঘুরবেন আর
ভাববেন ছেলেটা ঠিকই বলেছিল/ ঠিকই বলেছিল
                                                          ছেলেটা
   *         *          *         *         *          *   
একবুক বারুদ নিয়ে, মে মাসের রোদ্দুরে
মাথা বুক ঝাঁ ঝাঁ করছে
আপনারা দয়া করে আগুনের কথাটা ভেবে দেখবেন একবার?

 

 

 

আপন্ন-স্বপ্নের আপনি

মৃতের শহরে আছে
                   আমৃত্যু অবক্ষয়
                             মাঝে মাঝে মনে হয়
ছিন্নভিন্ন মন আর স্নায়ুরা কি অদ্ভুত নৈরাশ্য নিয়ে
বাঁচা বাঁচা দেখছে নিশ্চিন্তে
যেন
বাঁচা শুধু
          ঘটনার বদ্ধ পরিসর
ঘটনা তো
          সত্তার নিভৃত কোণে
মন নিয়ে লুকোচুরি খেলে
                   অনেক সময়
তখনই সময় তাকে আস্তে ইসারার কাছে
হাত তুলে কতবার হাসতে দেখেছি
মেঠো পথে
          ফিরোজা
                   সবুজে-শকুন্তলা আপনাকে
ঠোঁট বাহু চোখ পথ মাঠ মন
                             আশ্বাস আশাতে
আপন্ন-স্বপ্নের আপনি
অথচ সময় তার
            বহতা মিছিলে মিশে
                     আমি বসবাস করি
মহাসুখে !!!
কিম্বা ঘুরি অলি গলি
                   আপিস
                   কাছারি
                   বাড়ী
                   ট্রামবাস         আত্মীয় স্বজন
ছিন্নভিন্ন
          স্বপ্নমন
                   স্নায়ু নিয়ে অবক্ষয়ের এই ধূসর শহরে!
ধূসর শহরে
          আপন্ন-স্বপ্নের আপনি
                             ইদানিং কোথায় থাকেন?
 

 

 

নতুন আবাদ দেখো

সে রকমই কথা আছে প্রয়োজনে মিছিলের রক্তিম জোয়ারে
সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যোঝা যাবে বিপক্ষের হিংস্র চাতুরী
এখন ওদের কাছে ভিক্ষা নয় উচ্ছিষ্টের পেছন দুয়ারে
দাবীর মশাল জ্বেলে আন্দোলনে কাঁধে কাঁধ পোহাবো শর্বরী

বিপন্ন বিপক্ষ দেখো বিদ্ধ হবে বিপ্লবের তীক্ষ্ণ ইস্পাতে
এখানে আপোষ নেই, (চতুরেরা সখ্য চায় নতুন আঁতাতে)
বিশশো বছর ধরে রক্ত ক্লেদ নির্য্যাতনে ক্লিষ্ট ইতিহাস
অনেক তো দ্যাখা হোলো অরণ্য শাসন আর বুর্জ্জোয়া বিলাস

সে রকমই কথা আছে সকলে মিলবো এসে আসন্ন মিছিলে
নতুন আবাদ দেখো বোনা হবে এ মাটিতে বুনো গাছ তুলে।

 

  

সে

সে তো এক তীর্থের কাক  
৩২ বছর ধরে জীবনের ঘাটে ঘাটে ঘুরে
এখন জেনেছে শুধু প্রজ্ঞা নয় বুদ্ধি নয়
বেঁচে থাকা জৈব এক জীবন ধারণ
মগজের ঘিলু শুধু প্রবৃদ্ধ কুঞ্চনে এক কিম্ভুত জিনিষ
প্লীহাতেও ব্যাথা হয়,
শরীর জবাব দেয় উত্তর যৌবনে
এবং সকালে উঠে আড়মোড়া ভেঙে দেখে
লড়ে যেতে হবে
এভাবেই একা একা ন্যূনপক্ষে ২৯ বছর
তবুও জবাবদিহি দিতে হয় মধ্য রাতে
প্রতিরোধে কি করেছো আজ
কারণ প্রতিটি দিন পিছু নেয়
চোখে যার গভীর গগল্‌স্‌।

 

  

ভার্সিটির দরজায় প্রাণ ভেতরে সচিব


অমৃতং তু বিদ্যা

প্রবেশ নিষেধ বেশ

এই আর্জিটুকু শুধু ভেতরেতে পেশ করে দিন

(কারণ তাঁদের কাছে কৃপাবৃষ্টি তার জলে আচমন চাই);

যদিও ইদানীং

ছাব্বিশ বসন্তের প্রাণ, বিবশ আকাশে দ্যাখে, ছাব্বিশ শকুন

তবুও দেখুন

আমি তো অমৃত চেয়ে, জন্ম থেকে, সময়কে টানতে টানতে

বয়েসের এইখানে এনে এখন নিজের কাছে, নিরাকার

শূন্য সৎ একা বসে আছি;

 

আমি তো প্রবেশ চেয়ে, পাড়ি দিয়ে, আসতে আসতে

অবশেষে এইখানে এসে তাঁর দরজার পাশে বই হাতে

নতজানু বাধ্য বসে আছি;

  যেমন বধির থাকে মুখর সংলাপ দেখে নির্বোধের মতো

   *         *          *         *         *          *   

(সচিবের কন্ঠস্বর, বলেছি তো হবে না এখানে)

কারণ তাঁদের কাছে কৃপাবৃষ্টি তার জলে আচমন চাই !!

 

 

 

 

স্মৃতিতে সমুদ্র নেই

 

স্মৃতিতে সমুদ্র নেই

আছে শুধু তিক্ততার সারিবদ্ধ দীর্ঘ ক্যারাভান

স্বপ্নে নেই মন্থনের অমৃত-আস্বাদ

আর এই নিদাঘের প্রচন্ড রোদ্দুরে

এখানে রয়েছে পড়ে ধূ ধূ বালি কোনোদিন বৃষ্টি তো নামে না।

মাটি নেই জল নেই

তবুও এখানে দেখ দ্যাখো উত্তপ্ত সীমুমে

মৃত্যুকে তর্জনী তুলে অদূরের করোটীতে রেখে

ক্যাকটাস মাথা তোলে পরিবেশে তপ্তশ্বাস ফেলে

কি হবে সমুদ্র নিয়ে সুক্তি আর ঝিনুকের রঙীন বিলাস

সত্তা, তুমি বাস্তবের কঠিন মাটিতে চলো দৃঢ় পদক্ষেপে

কারণ আগামী দিনে এ মরুতে বোনা হবে জীবনের চাষ।

 

 

 

 

ভ্লাদিমির ইলিচ লেনিন

 

এখানে তো মধ্যরাতে সত্তার গভীরে শুধু পদধ্বনি শুনি

ভ্লাদিমির আপনি কি আমাকে আজ ক্রুশে বিদ্ধ করে যাবেন

কারণ নিজের কাছে সমর্পিত রক্তের লেগুনে

                                                সূর্যোদয় হলোনা এখনো

এবং আমি এই মিছিলের শরণার্থী ভীড়ে

মানুষের স্বীকৃতিকে দলিত দেখেছি

ইলিচ আপনিও দেখুন এখানে বান্ধব মুখে নিয়তই

                                                শব্দ সৃষ্টি হয়

মাইকের আর্ত্তনাদে প্রতিদিন বাক্যের বেলুন

লেনিন আপনিই বলুন, ইদানীং বার্ষিকীর ভীড়ে

উচ্চারিত মন্ত্র কেন ফ্রেমেতে আবদ্ধ আজ ফ্রিজ ঝুলে আছে

(জীবন চলেছে তার পল্বলিত খাতে)

অথচ এ সমাবেশে কাজের আদেশ চেয়ে চেতনার ভিতরে

                                                          যে জ্যোতি

তার স্থির বৃত্তে এসে তিতিক্ষায় বিবিক্ত থেকেছি

কিন্তু কর্মের কাছে শুধুমাত্র শব্দসৃষ্টি একেবারে অর্থহীন

                                                          বলে মনে হয়

অনিবার্য আপনাকে আমি জীবনের প্রেক্ষিতে রেখে

স্ফুলিঙ্গের মুখোমুখি দাঁড়াতে এসেছি

যেমন মশাল জ্বেলে বল্লমের স্পর্ধিত হাসি

পৃথিবীর ক্ষুধা মৃত্যু মোকাবিলা করে

এখানে তো মধ্যরাতে সত্তার গভীরে শুনি দ্রিম দ্রিম

                                                          মাদলের ধ্বনি

ভ্লাদিমির আপনি কি আমার রক্তে আমাকেই দীক্ষিত

                                                          করে যাবেন

কারণ ক্রুশের কাছে সমর্পিত রক্তের লেগুনে সূর্যোদয়

                                                          দেখে যেতে চাই

 

 

 

 

জ্বলন্ত এক্‌জিট

 

আসরের সব বাতি ম্লান হোলো

শেষ দৃশ্যে গোধুলি আলোয়;

একঘর দর্শক সামনে রেখে অতঃপর সামান্য সময়ে

ভূমিকা, সংলাপ আর নেপথ্য সংগীত বেয়ে

নায়ক তো নীত হল আর্য কোনো ট্র্যাজিক পর্য্যায়ে।

 

ছাব্বিশ বছর ধরি, ট্রাম বাস ট্রাফিকের ভীড়ে

ন্যুব্জ সত্তার এক রক্তমাংস আমি পথ চলিতেছি

অদৃশ্য ইংগিতে; আমি একা কেহ কোথা নাই

প্রেম নাই, প্রীতি নাই, আসা নাই, ভালোবাসা নাই;

হাহাকার ভরা এক অন্ধ করা কবন্ধ আঁধারে

পথ চলিতেছি ছাব্বিশ বছর ধরি পৃথিবীর পথে।।

 

আশেপাশে খস্‌খস্‌ বেসামাল শাড়ী

চারিদিকে পুষ্পিত সুবাস আর

মেলোড্রামা ফেলে রেখে আমি তাড়াতাড়ি

সীট ছেড়ে

অন্ধকার সুমুখে খুঁজি জ্বলন্ত এক্‌জিট্‌।।

 

 

 

 

এখনো এ চতুরঙ্গ

 

এখনো এ চতুরঙ্গে নৃপ, মন্ত্রী, তুরঙ্গের যথেচ্ছ দৌড়!

পদাতিক

তুমি শুধু একঘর যেতে পারো, তার বেশী নয়,

নিয়ত এ সম্মুখ সমরে তুমি এক ক্রীড়নক

আরোপের বোঝা বয়ে যুঝে যাবে মৃত্যু অবধি;

(অথচ) তোমাকে ছাড়া ওই সব চতুরের গত্যন্তর নেই।

 

ব্যবস্থা বদল ভিন্ন শোষণের হাত থেকে মুক্তি হবে কি?

এখনো তোমার হাতে বিধৃত রয়েছে সেই বিদ্রোহের বীজ

পদাতিক ভেবে দেখো

অন্যথায় চতুরঙ্গে নৃপ মন্ত্রী তুরঙ্গের যথেচ্ছ দৌড়।

 

 

 

 

পর্যটন সপ্তাহে নালন্দা

 

সারাদিন বিচিত্র শব্দ

ট্রান্‌জিস্টার

          ট্যুরিস্ট ভীড়

          ইতস্ততঃ অর্ধভুক্ত গাইডের দল

মন্তব্যে মুখর-মুখ-মহিলারা বলে যান

          ইস্‌ কি অদ্ভুত

স্তিমিত রোদের আলো পৌষের পড়ন্ত বেলায়

অতর্কিতে সন্ধ্যা আসে নামে অন্ধকার

তখন নৈঃশব্দ শুধু খুঁজে ফেরে

নালন্দার বারান্দা অলিন্দে

হুয়েন সাঙ্‌ কিম্বা অন্য নাম।

 

 

 

 

সারাটা ইতিহাস ধরে

 

(অকারণে হাত মুচড়ে ধরো না, বলতে দাও)

কারণ সারাটা ইতিহাস ধরে

আমি

          মাঠ ছুঁয়ে ঘাস,

                   ঘাস ছুঁয়ে ধান,

                             ধান ছুঁয়ে চাল আনলুম

 

কিন্তু কি আশ্চর্য্য দেখুন

          (অকারণে হাত মুচড়ে ধরো না, বলতে দাও)

কারণ সারাটা ইতিহাস ধরে

আমি

          গাছ বুনে তুলো,

                   তুলো ধুনে সূতো,

                             সূতো বুনে ধুতি আনলুম

 

কিন্তু কি আশ্চর্য্য দেখুন

          (অকারণে হার মুচড়ে ধরো না, বলতে দাও)

কারণ সারাটা ইতিহাস ধরে

আমি

          মাটি ছেনে লোহা,

                   লোহা ঢেলে চাকা,

                             চাকা থেকে টাকা আনিলুম

 

কিন্তু কি আশ্চর্য্য দেখুন

অকারণে হাত মুচড়ে ধরো না

কারণ আপনারাই দেখুন

আমি

এ ব্যবস্থার শেষ না দেখে মরবো না।

 

 

 

 

জীবন মারা গেছে

 

হঠাৎ খবর পেলাম

জীবন মারা গেছে;

জীবনের সঙ্গে আমাদের

অনেকদিনের চেনাজানা

তাই মনটা খারাপ হল;

আনমনা হয়ে

ছেলেবেলার কথা

ভাবতে ভাবতে

মনে পড়লো

আমরা পাঁচ বন্ধু

হাতের পাঁচটা আঙুলের মতো,

জীবন, সুনীতি

সত্য, আমি আর সুকৃতি

বলতে গেলে আমরা সকলে

একই সঙ্গে মানুষ হয়েছি;

পুরোনো দিনে কলেজ জীবনে

বইপাড়ায়, পূজোয় পার্ব্বণে

রোয়াকে আড্ডায় আমরা পাঁচজনে

একই সঙ্গে উঠেছি বসেছি।

তারপর যা হয়

দুনিয়ার অমোঘ নিয়মে

হিসেবে নিকেশে

দেনায় পাওনায়

লাভে লোকসানে

আর পাঁচটা ভাবনায়

ক্রমে ক্রমে আমাদের

আনাগোনা কমে কমে

দেখা হত বছরে

নিদেনপক্ষে একবার।

তাও শেষ দেখা হয়েছিলো

বেশ কবছর হয়ে গেল।

তারপর বহুদিন বাদে

হঠাৎ সেদিন খবর পেলুম

জীবন বেশ সুখেই আছে,

বাড়ী গাড়ী বিষয় আশয়

এ সব নিয়েই দিন চলে যায়,

তাছাড়া এখন

বেশ গুছিয়ে বসেছে

এর তার সঙ্গে

দেখা করার

আর তার সময় নেই।

ঠিক তখনই জানলুম

জীবন মারা গেছে।

আমরা চার মাথা এক হয়ে

জীবনকে কাঁধে নিয়ে

ঘাটের পথে পা বাড়ালুম

   *         *          *        

মাফ করবেন, তারপর লাসটা কদ্দিন ধরে বইছেন?

সিগারেটে শেষটানটা দিয়ে, আমি

ছোকরার চোখে চোখ বুলিয়ে বল্লুম্‌

জিজ্ঞেস করো লাসটা আরো কদ্দিন বইবেন?

এই শুনে, আড্ডার পাঁচজনে চেঁচিয়ে উঠলো,

আর সুনীতি, সত্য, সুকৃতি?

ফেরার,বলেই আমি দরজার দিকে পা বাড়ালুম।

 

 

 

 

সাইক্লিক্‌

 

ওরা এসে মিলেছিলো পরস্পরের ভাবপ্রবণতার ছায়ায়

ওদের মন একে অন্যকে দেখেছিলো নেড়ে চেড়ে

একটা প্রেমপত্রের মতো উল্টে পাল্টে

যেন অনেক রহস্য আছে এপিঠে ওপিঠে

আর যেমন সব পার্থিব জিনিষেরই ছায়া আছে

সব ফলেরই খোসা আছে

আর যেমন ছায়াহীন জিনিষ

আর খোসাহীন ফলের কথা ভাবাই যায় না

তেমনি ওরাও ছিল অভিন্ন হৃদয়।

কিন্তু কখন যেন ওদের চিন্তাধারা আলাদা হল

দৃষ্টিকোণ পাল্টালো

কখন যেন ওদের অন্তস্থিত সত্তা

একে অন্যকে

বিদ্ধ করল অন্ধ আবেগে

আর অনেক কাছে থেকেও

ওদের ব্যবধান বেড়ে গেল যথারীতি

সেটা উনিশশো ছাপ্পান্নো সন; তারিখ মনে নেই।

   *         *          *          *         *

চোখ তুলে তাকালাম। তুমি যাকে দেখলে

তার পরণে ধূসর স্ল্যাক্স আর বুক খোলা জামা

হাওয়ায় চুলগুলো উড়ছে

কপালে বয়েস রেখা ফেলেছে।

তুমি অনেক কাছে এলে যেন বললে

এ সন্ধ্যেটা তোমার জন্য রেখেছিলাম।

যেন এর আগে কোনো সন্ধ্যে আমার জন্যে রাখতে না

থেকে থেকে ভাঙা ভাঙা কথা হল;

কথায় কথায় ফিরে গেলাম সেখানে

যেখানে সবুজ ঘাসে ঢাকা কানন পথ

আর সমুন্নত চিনার গাছ

যেখানে চিত্রিত পটের ওপর শুধু তুমি

দিন নেই রাত নেই সময় নেই ইতিহাস নেই শুধু তুমি।

দেখতে দেখতে সময়ের কাঁটা ঘুরে গেল

আর মনে হল

পৃথিবীর সব পথের শেষ বুঝি শুরুতেই ফিরে আসে।

সম্বিৎ ফিরে পেলে; এবার ফেরার পালা

যাকে ফেলে গেলে ভুল বোঝাবুঝির বাষ্পে

সে একটা মিয়োনো বিস্কুট

আর মুচমুচে হবে না তোমার ভালবাসার

চুল্লিতে একটু সাহচর্য্যের উত্তাপে

                   সামনের ক্যালেন্ডার হাওয়ায় দুলে উঠলো

যেন শব্দ করে বললো

এটা উনিশশো ছেষট্টি সাল, জুলাই মাস, বাইশ তারিখ।

আজ শুক্রবার মনে পড়লো মিতা বলেছে

অপেক্ষা করবে পাড়ার সিনেমা হলে।

 

 

 

 

তবুও কি যেন নেই

 

সুব্রত, এখানে এসে নিয়েছিলে অতি মৃদু নিমফুল ঘ্রাণ

তরাই-এর মতো এক চড়াই উৎরাই আর লাল মাটি শান

এখানে। শ্রাবণ মাসে নিবিড় সবুজ গাছ, পাতা কিম্বা ঘাসে

সকালে বিস্তর রোদে মড়কের মত খরা নিঃশব্দে আসে;

সাঁওতালডিহিতে এক শালবনে নিয়ে গিয়ে সুব্রত তোমাকে

দেখিয়েছি আদিবাদী হাড়। মানুষ তবুও দেখি খুব বেঁচে থাকে

রেশনে বরাদ্দ চালে, অনাহারে কিম্বা এক নিতান্ত অভ্যাসে

আমরাও অথচ অনেকটা সই শীতে সুপ্ত মন্ডক প্রবাসে।।

নিমফুল ঝরে গেছে জাম নোনা কাঁঠালেরও ফুরিয়েছে কাজ

বেঁচে আছি আমরাও? তবুও কি যেন নেই এ দশকে আজ?

 

 

 

 

নেক্রোপলিস্‌

 

রোদের পীচের গন্ধ শহরের; ধোঁয়ার কালির রঙে ধূসর আকাশ

ঐহিক যন্ত্রণায় মৌননীল অথর্ব শহর; ট্রাফিকের আর্ত্তনাদ

বিদীর্ণ বাতাস চারিধার; পড়ে আছে শতাব্দীর বিসর্পিল পথ

                             শেষ কোথা? শুধালো সে,

সত্তার উত্তরে, বয়স্ক পৃথিবী শুধু হাই তুলে পিছনে তাকালো

 

 

 

 

পালোজোরি চোদ্দ মাইল সাঁরোয়া বারো

 

দুরাস্তা দুদিকে, মাঝামাঝি এক হাঁটু ধুলো নিয়ে

সিমেন্টের নিশানা পালোজোরি চোদ্দ মাইল সাঁরোয়া বারো

বাসের পর বাস ঠাসাঠাসু মানুষ টিয়া হাতে বুক

উঁচু সাঁওতাল

ধান তোলার সময় এটা

                             এরকম প্রচ্ছদপটে আমি নিতান্তই বেমানান

কিন্তু যেহেতু গ্রামে গঞ্জে শাখা প্রশাখা ছড়াতে ছড়াতে

অফিস এখন অজয়ের জলে মুখ দেখছে এবং

টাঁড়ে টাঁড়ে সাঁওতাল পরগণার ভেতরে আরো ভেতরে

পাহাড়ীডি গ্রামে কিম্বা বাসাহায় হায়

দুবেলা দুমুঠো জোটেনা গাঁ ঘর হাঁ করে দেখছে আমাকে

(সেহেতু) এ লোকটা এখানে নিতান্তই বেমানান;

সত্যি ধান ভর্ত্তি কাড়াগাড়ি চলে যাচ্ছে

সত্য নারায়ণ মুদির ভেতর ঘর-গোলায়

পুরোনো হিসেব পুরোনোই থেকে গেছে এবং লাল বই

                                                চলে গেছে অন্যত্র

লাক ত্রিকোণ থেকে বেরিয়ে এসে ছেলে পিলে

                                                দেখছে শ্বেত ভীতি

লাল কাগজ পত্তর সেইদিন আসছে আসবে আসছে আসবে

                                                লিখে চলেছে খুব

পুরোনো হিসেব পুরোনোই থেকে গেছে দুরাস্তার মাঝামাঝি

রূগ্নোহি* ছমাইল মাঁঝিতর* দশ ধুলো উড়ছে

আঁজোরিয়া রাতে বারাটাঁড়ে লিক্‌ ধরে ঘরে ফিরছে

                                                আদিবাসী মেয়ে

আজ বান্দনা মাড় ভাত হাড়িয়া আর নাচ কারণ এ লোকটা

নিতান্তই বেমানান এবং আয়নার ভিতর থেকে

গের্ণিকার ষাঁড় বেরিয়ে এসে প্রশ্ন করছে

এ এলাকায় কাজকম্ম কদ্দুর?

ধুর কিছুই হয়নি অর্থাৎ দুরাস্তা দুদিকে

মাঝামাঝি এক হাঁটু ধুলো নিয়ে পালোজোরি চোদ্দ মাইল

                                                          সাঁরোয়া বারো

এবং

--------

*  গ্রামের নামে মুদ্রণপ্রমাদ ঘটেছে। কিন্তু যাচাই করে নেওয়ার উপায় নেই। 

               

  

 

 

স্প্রিন্ট

 

একটা দূর পাল্লার দৌড়ে দৌড়ুতে দৌড়ুতে

যে ছোটখাটো বাঁক পড়ে

সেখানে খানিকটা ক্লান্ত হয়ে বললুম

পেছনে অনেক ফেলে দিয়ে

সামনের অনেক না দেখা নিয়ে

এ দৌড়ে পূর্ণতা কোথায়?

পেছনের এক দৌড়বীর আমায়

পেছনে ফেলে যাবার সময় বল্লে

এ দৌড়ে তুমি অংশ নিয়েছ

সেখানেই নিঃসংশয়ে তুমি পূর্ণ।

আমি পেছন ফিরে দেখলুম।

কি পেলুম কি ফেলে এলুম।

আসলে প্রথম পদক্ষেপ থেকে

শেষের ক্লান্ত পদক্ষেপ পর্য্যন্ত পূর্ণতা প্রবঞ্চনা।

কথাটা জনান্তিকে শোনা

তাই বিশ শতকের মাঝামাঝি আমি

সামনে পেছনে দেখতে দেখতে

দৌড়ুচ্ছি

                   দৌড়ুচ্ছি

                                      দৌড়ুচ্ছি

 

 

 

 

 

রাত থেকে সকালে স্রেফ

 

রাত থেকে সকালে স্রেফ সময়

ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নীল

আলো চলে যাচ্ছে কোল্কাতা থেকে কুড্ডালোরে

নাম পালটিয়ে কি যেন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে এ্যাপোলো

১৬র পেটে জন ইয়ং চ্যাঁচাচ্ছে খসে গেলো খসে গেলো চৌরাস্তায়

পাইপগান হাতে প্রমেথিউস্‌ সকাল থেকে সময়

দুমড়ে মুচড়ে দপ্‌ দপ্‌ করছে রাগে হে অন্ধ হ্রেষাধ্বনি

বুট ও বন্দুকের টেরাকোটা হে ক্রমিক কাঁটাতার

টাট্‌ টাট্‌ টাট্‌ টাট্‌ টাট্‌ টাট্‌ বা রু ম্‌ম্‌ম্‌ম্‌

বি-৫২ বোমারু বিমান হাতিন কোয়াং বিন্‌ বিন্‌ লিন্‌

থেকে শব্দ ভেঙে প্রতিশব্দে নিয়ে যাচ্ছে সকাল

হে কাঞ্চনজঙ্ঘা নারী রূপোলী ঠাসাঠাসি হে কনডম্‌

স্কুটার খাবার পিল্‌ হে বুভুক্ষা পিনিসিলিন দুমড়ে মুচড়ে

নীল অশ্বের যাতায়াত হে ক্যালানে কার্তিক সময়

হে অন্ধ অ্যাপোলো সময় কবে হবে কবে হবে কবে হবে কবে

স্রেফ চুরমার হয়ে যাচ্ছে

 

 

 

 

গাড়ীটা

 

গাড়ীটার নাম রাখলুম ভালোবাসা

অনেক দৌড়ঝাঁপ করে ছবছর পর

কপাল ভালো তাই পেলুম।

মনে হল এতদিনে ভালোবাসাকে পেয়ে

রঙীন স্বপ্ন সার্থক। এত ভালোবাসলুম

যে কাজে অকাজে ওকে নিয়ে

ঘুরে বেড়ালুম এখানে ওখানে।

তারপর

          যায়

                   দিন

                             যায়

ভালোবাসার মোহ কমতে লাগলো

আর খরচ বাড়তে লাগলো;

এর তার পরামর্শে ভালোবাসাকে

রাস্তায় নামালুম ভাড়া খাটাতে।

তারপর এ রাস্তা ও রাস্তা

এ গলি ও গলি ভাবটা

ফেললে কড়ি তুমি কি আমার পর।

তারপর

          যায়

                   দিন

                             যায়

ভালোবাসার সঙ্গে আজকাল আর দেখাই হয় না

বহুদিন বাদে হঠাৎ একদিন গাড়ীবারান্দায়

ভালোবাসার সংগে দেখা। ওর আর

সে জৌলুষ নেই এখানে ধুলো ওখানে ময়লা

রঙ চটে গেছে

পুরোনো দিনের কথা মনে পড়তে

আমি আর দাঁড়ালুম না।

 

তারপর

          যায়

                   দিন

                             যায়

ভালোবাসার কথা ভুলেই গিয়েছিলাম নানা কাজের ভীড়ে

এমন সময় একদিন বিকেলে মালী এসে খবর দিলে

ভালোবাসা বেসামাল হয়ে আমার

বাড়ীর ফটকে মাথা কুটছে।   

   *         *          *

 

দিন তিন পরে ওজন করে

লোহার দরে

ভালোবাসাকে বেচে দিলুম। 





[এই নামেই সংগ্রহ বিজ্ঞাপিত হয়েছিল সপ্তদ্বীপার (জীবনময় দত্ত সম্পাদিত ও প্রকাশিত) পাতায়। এই সংগ্রহ প্রকাশের উদ্দেশ্যে সপ্তদ্বীপা এবং অভিযানের (অভিযান সাহিত্য গোষ্ঠি প্রকাশিত এবং পার্থসারথি মিত্রের সহযোগিতায় বিদ্যুৎ পাল সম্পাদিত) দুটো সংখ্যায় একই সাথে ১৯৭১ সালে প্রকাশিত হয়েছিল দু'গুচ্ছ কবিতা - একটি পত্রিকার ১ থেকে ১৬ পৃষ্ঠা এবং আরেকটির ১৭ থেকে ৩২ পৃষ্ঠা অব্দি। ওই পৃষ্ঠাগুলোর (দুই ফর্মা; ডিমাই সাইজ; এ্যান্টিক কাগজ) ৫০০-৫০০ করে অফপ্রিন্টও বেরিয়েছিল। একই প্রেসে ছাপা হয়েছিল - বিষ্ণুদার রেনেশাঁ প্রিন্টার্সে, যাতে কোনোরকম মিসম্যাচ না হয়। 
কিন্তু সবচেয়ে বড় মিসম্যাচ তো ঘটিয়ে দেয় জীবনটাই। রবীনদা না করে দিলেন। তারপর কত বছর একসাথে কাটিয়েও হ্যাঁ আর করাতে পারলাম না।]