সীমাঞ্চলে জুটেছিলাম বাংলা বইয়ের মেলায়
দু’টি দিন মনের পসরা ছিল ভাট্টাবাড়ি।
মায়ের ভাষা বুকে রাখলে বিশ্ব সীমাহীন;
সবাই বাঁচার খোরাকগুলোর চোরাচালানকারী!
কে যেন বলল, “এটা সতীনাথের পাড়া”!
সত্যিই তো, ধ্যাষ্টামোর জায়গা ছিল না।
বাংলার আঁচলে কেমন হিন্দি পেল কোল;
কুশীর হাওয়ায় জট-জটিনের উড়ছিল তৃষ্ণা।
হিন্দিভাষী মেয়েরা তাদের বান্ধবীদের সাথে
প্রাণ মিলিয়ে গাইল মহোৎসবের আমন্ত্রণী
এ দৃশ্যই তৈরি করি আমরা সবখানে;
ঐক্য দেখে সটকে পড়ে আধিপত্যের ফণী।
সাহিত্যরসসিক্ত এই কুশীর জীবনধারা
দুটি ভাষার শ্রেষ্ঠ দুই যোদ্ধার সাঁতার।
এমনই সব সীমা যেন ব্যস্ত আঁতুড় হয়,
মানুষকে তার লড়াইগুলোর প্রান্তিকে বুঝবার।
৫.৪.২২

No comments:
Post a Comment