এত আধুনিক
মাইকেল কবিজন্ম আপনার !
জাহাজে
রেলিঙ ধরে যশোরের কপোতাক্ষ নদ
আগেও
হয়তো দৃষ্টি মেলেছিল বঙ্গোপসাগরে!
তারো
চোখে ক্ষোভ ছিল, স্বপ্ন – ভাতের, ভালোবাসার।
কেননা
জাহাজ ছিল, দ্বীপ ছিল, সতেজ বাণিজ্যে
বিহারি
গিরমিটিয়া লাখে লাখে যাচ্ছিল যেমন,
পদ্মাও
তো শুনেছিল নিশি ডাক হাসান মিয়াঁর !
কলকাতিয়া
বাংরেজ তবু আপনিই, অভিমানে
রুজির
তালাশে নব কাব্যস্পন্দে রোদে আনমনা
ছপছপিয়েছিলেন
ভেজা ডেক, ভাঁড়ারের সিঁড়ি …
তামিল
বনের গাঢ় ছায়া থেকে সঙ্গমের কবি –
যুদ্ধ
ও প্রেমের আদিমাতৃকারা – দেখল কি শ্যাম
শ্মশ্রুময়
যুবমুখে, জ্ঞানে, কাব্যে, স্বরূপসন্ধানে,
সুদূর
বাংলার এক জ্বালাময় যোদ্ধার উদ্বেগ?
সবই
পেলেন সেই দূর দেশে স্বেচ্ছানির্বাসনে!
প্রথম
দাম্পত্য, রুজি, মাতৃভাষে ফেরার তাগিদ!
কে বলবে
অমিত্রাক্ষরে, মিলটন ছিল কত,
সস্তার
টিকিটে কত সাগরের তরঙ্গ নির্ঘুম?
ঘাড় গুঁজে সনির্বন্ধ স্মিতহাস্যে ভাতের
জোগাড়,
শরীরে সত্ত্বায় তবু সম্রাটের ক্ষিন্ন
অস্থিরতা ...
প্রিয়তমা নারীদের ক্ষতে বিদ্ধ হচ্ছিলেন
সেই
কবে থেকে! সেপ্রশ্নেই পেলেন কি
বীরাঙ্গনাদের?
নারীঘাতী ঢিল তুলে মুফ্তীর শার্সি ভাঙচুর?
বেদনার পরাক্রম ভাষায়, কলমে আপনার!
২৬.১০.২৩ / ২৮.১০.২৩

No comments:
Post a Comment