Thursday, October 5, 2023

বনভোজন

বহুদিন হয়ে গেল ভাড়াবাড়ি বদল করি না।
নিজের বাড়িতে আছি; ফ্ল্যাটবাড়ি। ফোনে, “কুম্‌হ্রার?
মানে সেই পুরাতত্ত্ব বিভাগের পার্ক, অশোকের
দরবার?”
               শুনে বলি, হ্যাঁ, দাদা, সাম্রাজ্য তাঁহার!
পার্ক মানে অনেকেরি মধুস্মৃতি বনভোজনের!
যদিও যাইনি সে পার্কে বনভোজনে কোনোদিন।
বনভোজন সবার কপালে থাকে না। কবে আসে
সে সময় যখন সবাই, মানে যে ক’জন হলে,
আশৈশব, বলতে পারি সবাই, পৌঁছেছি কোথাও
একসাথে?  
              কখনো পৌঁছোবো? স্মৃতিতে থাকবে শুধু
নদীচরে ধুলো ওড়া, কাঁপা কাঁপা কিছু প্রিয় মুখ,
অসমাপ্তির একটি অপরাহ্ন, ক্ষীয়মাণ ডাক … !
না থাকলেই যেন ভালো হত, বার বার ফিরে
সেদিকে তাকিয়ে খোঁজা রোদের ওপারে  … তারপর?

৫.১০.২৩

 


No comments:

Post a Comment