সেদিন দুপুরে আগারা ঝিলের ঢালু কিনারে দাঁড়িয়ে
ভিডিও ফোন-কলে তোমায় গান গেয়ে শুনিয়েছিলাম।
আমাদের জন্য ব্যাপারটা প্রথম, এবং হয়ত একবার
বা বড়োজোর আরো দুয়েকবার হয়েই থেকে যাবে।
দূর থেকে জলে বিলি কেটে আসা হাওয়ায় ভাবছিলাম
কী গাই, তখনি মনে এল বছর পঞ্চাশ আগের বিশ্বে,
অলেখা গানের খোলা পংক্তিদুটো – পৃথিবী তোমার
নতুন জন্ম দেখে যাব ... দেখে যাব? সত্যিই? নাকি
জন্ম হচ্ছে; আশার ধরণটাই বাসি, তাই চিনছি না?
সব গাছে তো কুঁড়িমুখ ফোটে না একদিনে, বরফের
দেশে বরফও, শুধু পাতলা হয়, চিড় ধরে কোথাও,
এমনকি উল্টে ঝরে নিভিয়ে দেয় শেষ আগুনটুক্ও
চিনতে হয় চোখে, গা-ঝাড়ায় প্রত্যাসন্ন ঋতুবদল ......
নতুন প্রজন্ম নিজের মত জাগে, পাল্টায় বাঁধা ছক;
পৃথিবী, ভারত, কেন আমার ভাবা পথে এগোবে?
বেঁচে আছি যখন, পরের ভিডিও কলে আমি নিশ্চই
গানটা বদলে দেব। না পারি, অন্ততঃ দেখাব বেশকিছু
নতুন জন্ম পৃথিবীর, একুশের এই দু’তিনটে দশকে।
ব্যাঙ্গালোর
২০.১.২১

No comments:
Post a Comment