অনুভব,
তবু নিরেট, হয়ত দেয়াল! – খনি বলেছিল।
ড্রিল
কর, গোঁজো বিস্ফোরক টিউবগুলো প্রশ্নের,
কাঁচা
আকরশক্তিতে ভরা ওয়াগন আনো বর্তমানে।
মেলাও
ভাবনার প্রতিশত! – বলেছিল ধাতুশাল।
কিছু উৎপ্রেরক,
কিছু শুদ্ধিকারক, কিছু দেয়
প্রয়োজনমত
দৃঢ়তা, নমনীয়তা আর সহ্য ক্ষমতা।
চুল্লিটা
জ্বলছে জীবনের!
জ্বলছে
মাথায় বেঁচে থাকা, অভিশপ্ত বেঁচে থাকা।
আরেকটা
নতুন চুল্লি চার্জ কর লড়াইয়ের – তার উত্তাপের কাঁটায়
মিশেল
গড় সত্ত্বার!
হেসেছিল
কামারশাল দেড়শো মোটরের গর্জন ছাপিয়ে।
পাঞ্চিং
নোজটারও দরকার পড়ে হে!
রকমারি
হাতুড়ির! আবার কুল্যান্টেরও মাঝে মাঝে!
নির্মাণ
কথা বলেছিল। সাথে এসেম্বলি-লাইন।
গঠন! সংগঠন
গড়ে তোল রক্তের সঞ্চারে ও অভিসারে!
কাঠামো,
তার জ্যামিতি ঘিরে গ্রন্থনা,
গতির কোষ
ও প্রবাহ শরীরে; স্বাধিকার অথবা ক্ষমতার,
শিক্ষা
অথবা ভালোবাসার, গানের,
অথবা নিছক
দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়ার সংগঠন!
তোমরাও
তো কথা বলেছিলে! রুজিখেকো যন্ত্রগুলি!
বলেছিলে
অমলিন কতকাল শীতাতপ নিয়ন্ত্রণে থাকবে?
গড়ছ কেন্দ্রীয়
কম্যান্ড, বিপুল হিসেবনিকেশের,
বৈজ্ঞানিকদের
ব্যক্তিগত সচিব, কোনোদিন
গড়বে চকখড়ির
ভায়োলিন, ব্ল্যাকবোর্ডের পিয়ানোকর্ডিয়ন –
স্কুলে
যাবে পৃথিবীর শেষ শিশুটিও।
শেখাতে
চেয়েছিলে তোমরাও
সংহত গণিত,
কত জরুরি ক্রিয়ার!
দাঁড়াও
হে তোমরা!
এত ভীড়
কবিতায় ধরা কি সম্ভব?
আপাততঃ
পরিবহণের দিকে যাই।
ক্রীতদাসবাহী
জাহাজের খোলেও একটা ভুগোল
আজ তার
রক্তের ইতিহাস হয়ে আছে।
গুরুজনেরা
ধমকেছিলেন, বলি, টিঁকবে তো?
যা গড়তে
চাইছ?
বলি, রক্ষণাবেক্ষণ
আর যোগান! ভুলে গেলে?
ভুলে গেলে
যে ঘুমের জন্য লাগে গ্যাংম্যান?
বর্ণমালার
জন্য টার্বাইন আর জলাধারের কর্মীদল?
গোধুলির
জন্য প্রহরী?
আর নীলকন্ঠ
কম্পোজিটর যে বন্ধুত্বের ডায়ালটা গড়ে প্রতিদিন?
বলি ওই
যে জীর্ণ হয়না কখনো, আগুনে পোড়ে না,
ওটারও
তেল লাগে, গ্রিজ!
বলগুলো
বদলাতে হয় মাঝে মাঝে বেদনারও বেয়ারিংয়ের –
নইলে শক্তির
না দিয়ে নিছক প্যাঁচাল হয়ে ফেঁসে যায়।
অফিস বলেছিল,
এমনিতেই একটু বেশি বলি, নতুন কী বলি?
সময়ের
ডাইরি রাখা যদি ঠিক মত হয়
কথা আর
কাজের ফারাকে জীবনে কম লাগে ঘুণ।
ঝুঠো শিলমোহর
ছাপিয়ে আয়না হয়ে ওঠে দস্তাবেজ।
তাও তো
পূর্ণতা নেই! রক্তের পুঞ্জিভূত ধুলোয়
ঋতুদের
বিভাজনরেখা অস্পষ্ট করছিল কর্মহীনতা, বেকারি।
সবশেষে
কথা বলেছিল চাষ।
দেশটা
দুধ হয় হে, দুধ! পরিশ্রমী সংকল্পের শিষে!
চুপ করে
শোনো তার নীরব উৎসার!
কবিতা
কি শুনেছিল?
৩১.৮.১৯৯১
No comments:
Post a Comment