Wednesday, June 17, 2026

হত্যার অস্ত্র

হত্যার অস্ত্রটা কি পেয়েছেন ধর্মাবতার?
সাজিয়ে যে সাক্ষ্যপ্রমাণ টেবিলে আপনার
 
রাখা আছে কাট্টা, তরোয়াল বিভিন্ন জিনিষ,
নিরীহ উপকরণ; আসল তো তার শিস,    
 
যার ভোজসভায় কাল রাত্রে গিয়েছিলেন,
ছবি টবি হল, বিশ্রম্ভালাপে যোগা, জিনসেং
 
সুযোগ্য সম্মান আপনার, অবসরোত্তর
তারি যে শিসটি হয়ে পাশবতার মোচড়,
 
ইতিহাসের পায়ের কাঁচা জখমে বাজছে,
সনাতনী হিংসার ক্রিমিকীটগুলো জাগছে,
 
আপনাদের আইন-ফাইনে ঢোকাচ্ছে ঘুণ!
মানুষের মুঠোয় স্বাধীনতার নষ্টভ্রুণ।
 
হত্যার অস্ত্রটা আদিষ্ট প্রতিবর্ত মগজে।
শিসটা শুনুন, বেজেছিল আপনারো ভোজে। 
 
১৭.৬.২৬

No comments:

Post a Comment