Saturday, March 21, 2026

হাতুড়ির দফা

ন্যায়ের দেবীর আর বাঁধা নেই চোখ,
সস্নেহে মারেন সেটি তারাজু হেলিয়ে
যখনি বাদীর দিকে থাকে ধনপতি,
অথবা রাজ-ভকিল ঢোকে চোথা নিয়ে।
 
চোখের পট্টিটা কালো পরেছে পুলিশ,
দেখতে পায় না আর দুর্বৃত্ত বা দোষী
রাজবৃত্ত বহির্ভূত চিহ্নিত যে-জন,
তাদেরকে বাঁধতেই শেষ হয় রশি।
 
পুলিশের লাঠি পেয়েছেন বিচারক,
সুবিচার-যক্ষপ্রশ্ন থেকে মুক্ত মন
লাঠিটা ঘেঁটে পাকায় আইনের প্যাঁচ;
গারদে বিচারহীন ফুরোয় জীবন।  

হাতুড়ি বিচারকের, অনাদৃত ছিল,
রাজসভাধ্যক্ষ তুলে নিয়েছেন তোফা
বলেছেন স্বদেশের ভক্তিরসার্ণবে
সংবিধান নয়, সব হাতুড়ির দফা।
  
২২.৩.২৬

No comments:

Post a Comment