Tuesday, March 10, 2026

বাঁচার মিল

বহু মানুষ আছে এমন
আঁকড়ে ধরে অচেনাকেই,
পাথেয় হয় সবার কাছে
দেওয়া অনেক কথা।
তাকে ছাড়া চলেনা কারো;
এবং নিজের ঘরটায় সে
প্রাণের ক্ষুধা মেটায় খেয়ে
মনের নিসঙ্গতা।
 
পেটের টানে,দেশভাঙনে,
বিশেষ করে যুগবদলের
ধোঁয়াওঠা বছরগুলোয়,
অজস্র ঘটেছে।
রক্তের বড়ো বাঁচার মিল-
মরার মিল, ভাষার মিতায়
স্বদেশ বেড়ে হিন্দ হয়েছে
পৃথিবী ব্যেপেছে।
 
বহু মানুষ আছে তবু,
তুমি নারী। তার ওপর
দুটো বাচ্চা বড়ো হলো
নিজের একটু আয়ে।
বরটা নেই, বিভূঁয়ে একা
ঘর দেখা, নিজের অসুখ;
সমাবেশে গাইছো হাতের
থাপরি মেরে পায়ে!
 
বন্ধুব্যূহে সমাদৃতা
থাকতে ভালোবাসতে তুমি
বড্ডো বেশি যেন সবার
'আমাদেরই মেয়ে'।
দেখতাম তো, ছবিগুলোয়!
এক, ভাতের জোগাড় ছিল
প্রাণান্তকর হয়রানি, আর
মালিক অলপ্পেয়ে!
 
জিন্স-কুর্তায় দিব্যি লাগছ,
ঢাকছে বেসুর, উদ্দীপনে,
ব্যানার, প্ল্যাকার্ড, হাততালিতে
হাওয়া ক্ষোভের সোনা।
হোয়াটস্যাপে আছে তোমার
মাঝেমধ্যে পাঠানো কাজ
শোধরাতে পারিনি সাথী,
দেখাও যে হলো না!
 
১০.৩.২৬

 

No comments:

Post a Comment