Friday, March 6, 2026

আমে বোল

রোদ্দুরে সারা শহরে আমে বোল,
গন্ধে জড়িয়ে যাচ্ছি জেলাদপ্তরে,
                       পুরোনো পাড়ায়।
মনে হয় বছরের পর বছর
       অন্ততঃ আমি নিজেই তো
                  পঞ্চাশ বছর ধরে শুনছি
নিচের প্রায় অদৃশ্য মাটিটার জানান,
যে সে সমুদ্র থেকে উঠেছিল,
আমাদেরই জন্য,
কদর না জানলে ফিরে যাবে,
যেমন করে তারই জঠরে
                  ফিরেছিলেন সীতা;
 
আর এখন তো আমরা তাঁর
রামকেও নিঃসঙ্গ করে
                রাজত্বে বন্দি করেছি
রক্তকরবীর যক্ষপুরীতে?
সে মকররাজ তো অন্ততঃ
মনে চাইলেও,
ভেঙেচুরে ফেলতে চাইলেও,
রঞ্জনকে ঈর্ষা করলেও,
জানত নন্দিনীর রূপের ভিতরে
                            অপরূপ,
হাত বাড়ানোর সাহস করেনি!
 
একটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল।
পিছনের কাঁচে
ক্রুর যুদ্ধবাজ একটা হলিউডি স্টিকার
কখনো রাম, কখনো
ভক্ত হনুমানের আদলে আঁকা।
তবে এটাও ঠিক,
নতুন শতকে কহাজার নন্দিনী
ধর্ষিতা, নিহত কিম্বা বাজারে পাচার
             যেহেতু এফআইআর বেড়েছে
অনেকটা দিব্যি জানিয়ে দেবে,
এনসিআরবি, সংসদীয় এবং
আরটিআই পরিসংখ্যান।
 
৭.৩.২৬ 

No comments:

Post a Comment