আমার বাংলা চুটি
সিগারেট ভাগ,
বোঁটায় কয়টি ভাষার
থুতুর দাগ,
অসুবিধে নেই, চলে
–
বন্ধুতা গাঢ় হলে
থাপ্ড়ে চেনাই ব্রিগেড
আর শাহবাগ।
বলি, তোদেরকে বাংলা
শেখাই চল।
তোরাই তো বস্ আমার
ভাষার বল।
আমার বাচ্চা যদি
মাতৃভাষার নদী
না পায় স্বপ্নে,
ছোঁবে বাঁচার অতল?
ঐক্য বোঝাতে পিঠে
বাঁধিস না কুঁজ –
মানা-বলা-খাওয়া-পরায়
মিলের বুঝ!
ধর্মের নামে ঘৃণার
শেষ চাওয়া দেশটার
মগজ ফাটাতে হাতে
নিবি পিলসুজ?
অনেক ভাষার পড়া রে,
এই ভারত,
অনেক আশায় বাঁধা
প্রতিটির গৎ,
তারই একটির মা,
ছিন্ন বাঙালিয়ানা,
রক্তের মাটি-জল-আকাশের
পথ।
৫.৪.২৬
No comments:
Post a Comment