আমার একটি নাম না
জানা নদী আছে ঘুমে
খুঁজেও দেখিনি তার
ধারাটির শুরু আর শেষ
বস্তুতঃ বিষয় নয়
সে, স্বপ্নের মগ্ন পটভূমি
পাড়ের পাথরে বসে
কথা বলি বহু উপন্যাসে
যেগুলো লিখি নি লিখবোও
না সে ক্ষমতাই নেই
সে-সমস্ত উপন্যাসে
মাঝে মধ্যে তুমি ঢুকে পড়ো
হাসতে হা-হা ধরিয়ে
পাঠের কোথাও কোনো ভুল
ঘুম ভাঙে প্রতিধ্বনিত উপত্যকায় সেই হাসি
ঘুম ভেঙে যায় স্বপ্ন
ভাঙে না, হাসিও সারাদিন
ঘিরে থাকে ধরে থাকে
জাপ্টে ব্যর্থতা সুদ্ধু আমাকে
সবচে’ খারাপ কাজ করো তুলে রাখো রাগে ছেঁড়া
অসহ্য নিষ্কৃতিহীন প্রত্যহ আমার লেখালিখি
৩.৪.২৬
No comments:
Post a Comment