Monday, April 15, 2024

লেনিন আছেন

লেনিন আছেন প্রতিমুহূর্তে আমার তোমার পাশে,
লেনিন আছেন সময়টা নিয়ে সন্দেহে, বিশ্বাসে,
দিনেরাতে পা-বাড়াই তাঁর স্মিতমুখ রেখে বুকে, 
প্রতিটা যুদ্ধে একটু এগোই সত্যের উদ্ভাসে। 
 
কথায় বসলে তিনিই ধরানঃ কোত্থেকে শুরু, বলো!
এড়িয়ে যেও না, সোভিয়েতরাজ প্রথম কিসে পিছোলো?
কঠিন যুদ্ধে ভুল ক্ষমাহীন! তবু তা বিশ্ব-নজির!
নতুন শতকে চেতনার যত আঁধার গুঁড়িয়ে চলো!
 
যেমন মায়ের কোলে মুখ রাখা আদর চাওয়ার রীতি,
মানুষের পাশে থাকা, দায় নয় মাথার, জীবনগীতি!
পৃথিবীকেই যে ধ্বংস করছে মুনাফাবাজির লোভ,
তার শাসনের শেষ চাই! সেটা বলবে কম্যুনিস্টই!
 
লেনিন আছেন শ্রমজীবীদের ঐক্য গড়ার তাড়ায়,
বিভ্রান্তির প্রত্যহে, ভালো বন্ধুর কড়া নাড়ায়।
দিনেরাতে পা-বাড়াই তাঁর স্মিতমুখ রেখে বুকে, 
প্রতিটা যুদ্ধে একটু এগোই মুক্তিপথের সাড়ায়।  

১৫.৪.২০২৪ 

 

No comments:

Post a Comment