Friday, May 15, 2026

চোরের দয়াবাদ

কী দারুণ সারা দেশে কাঙালিভোজন!
জয়ধ্বনি করে যাচ্ছে রামের সুজন!
একা রাজে রক্ষা নেই, ধনিক দোসর,
দয়ালু চিত্তে খুলছে মাগনা লঙ্গর।
 
শাসনের সফলতা সর্বত্র প্রচারে,
লেখক দয়ার গল্প ছড়াচ্ছে বাজারে।
একশো চল্লিশ কোটি, আশি কোটি তার,
রাজার গ্যারান্টিবলে সুপাত্র ভিক্ষার।
 
ওদিকে ধর্মাবতার শ্লেষোক্তির ভানে,
যুব যারা হন্যে হচ্ছে কাজের সন্ধানে,
বলছে চোরের দয়াবাদ, চাঁচাছোলা,
তাদেরকে বলছেন ঘৃণ্য আরশোলা!
 
দেশের উন্নতি তবু বলতেই হবে,
নাইলে সামাল দেবে গৈরিকপুঙ্গবে।
একটু কাজের খোঁজে এত অসম্মান!
চাপা দিতে চালু হল নব রাষ্ট্রগান।
 
১৬.৫.২৬

No comments:

Post a Comment