Saturday, April 16, 2022

কিশনগঞ্জের পথে

চায়ের সাথে আনারস
খেতে দিলে খাবেও না কেউ
                   উল্টে দেবে খোঁটা।
তবু দেখ বাড়ছে সাথে
পাশাপাশি দু’টি ক্ষেতে
কালো-সবুজ, আলো-সবুজ;
মাটির নিচের রসদ থেকে
জুটিয়ে নিচ্ছে ভিন্ন সুবাস,
নিচ্ছে স্বাদ নিজের নিজের  –
তিতকুটে তেজ, টকমিষ্টি –
একটি বাঁচবে একশো বছর,
দিয়েই যাবে পাতা,
একটি মরবে টইটুম্বুর এক ফলনেই
                   ছড়িয়ে রক্তছটা।

এপাশে ট্রেন ওপাশে বাস –
          বাচ্চাগুলোর সহাস্য হাত
                   দুদিক পানেই ওঠা।

পাটনা
১.১.১৪


 

No comments:

Post a Comment