Monday, April 11, 2022

গোয়েন্দা-পুলিস

১
মনে হয় বহু কাজ রয়ে গেছে বাকি!
যেই ভাবি ডুবে যাব সময়ের মীড়ে –
ঝর্ণার মুখ চুমে, গড়িয়ে পাথরে,
বাগানে কার্নেশানে বুলিয়ে আঙুল
সাগরে উসকে বিস্ময়ের অকুল –
তাড়া খাই, “ওখানে? কাজ আছে নাকি? …”
থাকতে পারিনা স্থির, ফিরি রোজকারে,
একটানা – হই ক্লান্ত অক্ষম তবু
সবলে মেলাতে কাঁধ, মানুষের কাঁধে।
আমারই আগুন ছিল, বৃষ্টি আমারই,
যুগিয়েছি কার্বন পৃথিবীর সাধে! …
অথচ দিনের শেষে অস্থিরতা বাড়ে।  
 
২
সকালের আলোমাখা বিস্ময়পথে,
হঠাৎ পেয়েছিলাম তার কড়া হাঁক,
“কে আপনি? এখানে? কী কাজ, বলুন! …”
হয়ত সে ভেবেছিল বিপজ্জনক –
লোকটি এখন ঘুরে এই জনপদে,
খসাবে জুলুম ঢাকা প্রগতির চুন! …
অনেক ধন্যবাদ, সিআইডি সা’ব!
খোঁচা আপনার, বুকে এনে দিল ঝোঁক!
সোজা রাখি আজ ঘাতকের চোখে চোখ। …
 
দিও না শস্প তুমি স্পর্শ পেলব,
কিছুটা বরং হই অবৈজ্ঞানিক
ফিরে আসা যায় ভেবে চলে যেতে চাই।     

১২.৪.২২



No comments:

Post a Comment