Friday, April 16, 2021

লেনিন

দু’পা এগোবার পথের তর্কে রোজ
নাজেহাল, ফিরে কাজের টেবিলে বসি,
বিস্মৃতি ভাঙি – এতেই কাব্যশিখা
জ্বালিয়ে গিয়েছে মহাজীবনের কেউ।
 
নিঃশ্বাসে জাগে সময়ের বড় ঢেউ।
সেদিন ছাত্র, স্বপ্ন-গড়া আলোয়
পাশে ছিল, ঠিক মনেও পড়ে না আজ –
বাবুশকিন না তরুণ যুগাশভিলি।
 
সাথে পার করি কালরাত্রির গলি।
পৃথিবীর ভোরে যে যার দেশের মোড়ে
সম্বিতে ফিরি, শ্রমের বিপূল কাঁধে
নিতে ইতিহাস-চেতনার প্রহরণ।
 
প্রাণের শিকড়ে বাড়ে রসের ত্বরণ;
রস নয়, বহু স্বেদ-রক্তের ঋণ,
ধ্রুপদী ফল্গু দিনরাত ডাকে, “আয়!
অনাবিষ্কৃত ভারতবর্ষ খোঁজ্‌!”

পথের তর্কে, রোজ দু’পা এগোবার
তাঁর নজরের হানাটাকে করি দাঁড়।

২.৮.৯৫

 


No comments:

Post a Comment