Friday, April 16, 2021

আজকের দিনটার জন্য


আজকের দিনটার জন্য একটা দিন

ইতিহাসের পাতায় আমি খুঁজছি,

আজকের তারিখটার জন্য একটা তারিখ,

সামান্য হলেও ক্ষতি নেই;

হয়ত লেনিন

একটা ছোট্টো জরুরি চিরকুট

আজকের তারিখে লিখে

শিক্ষার জনকমিসারিয়েটকে পাঠিয়েছিলেন ……

 

আজকের দিনটা নীল, উজ্জ্বল –

অসংখ্য কাজে ব্যস্ত হবে প্রত্যেকটা প্রহর।

আমি সেই প্রহরগুলোর জন্য একটা নাম

চাইছি, যেমন কবিতা একটা নাম চায় ……

 

আজকের দিনটা ফ্যাকাশে, বিবর্ণ –

অসহায়তায় ফেটে প্রত্যেকটা প্রহরের কার্বলিক

আশার কন্ঠনালি কালো করে দেবে … ।

আমি সেই প্রহরগুলোর জন্য একটা নাম চাইছি

যেমন বিদেশ বিভুঁইয়ে সন্ধ্যায় একটা ছিন্নমূল পরিবার

একটা দেশ চায় ……

 

আজকের দিনটা যেমন তেমন –

কিছু কাজ কিছু অকাজ কিছু অর্থহীনতায়

অদৃশ্য হবে প্রহরগুলো।

আমি এই প্রহরগুলোর জন্য একটা নাম চাইছি যেমন

সংশয়গ্রস্ত মন

প্রেমকে দুহাতের আলিঙ্গনে বন্দী করে রাখতে চায় চিরকাল …

 

আজকের দিনটার জন্য একটা দিন

ইতিহাসের পাতায় আমি খুঁজছি

আজকের তারিখটার জন্য একটা তারিখ




 

No comments:

Post a Comment