Wednesday, June 17, 2026

হত্যার অস্ত্র

হত্যার অস্ত্রটা কি পেয়েছেন ধর্মাবতার?
সাজিয়ে যে সাক্ষ্যপ্রমাণ টেবিলে আপনার
 
রাখা আছে কাট্টা, তরোয়াল … বিভিন্ন জিনিষ,
নিরীহ উপকরণ; আসল তো তার শিস,    
 
যার ভোজসভায় কাল রাত্রে গিয়েছিলেন,
ছবি টবি হল, বিশ্রম্ভালাপে যোগা, জিনসেং …
 
সুযোগ্য সম্মান আপনার, অবসরোত্তর …
তারি যে শিসটি হয়ে পাশবতার মোচড়,
 
ইতিহাসের পায়ের কাঁচা জখমে বাজছে,
সনাতনী হিংসার ক্রিমিকীটগুলো জাগছে,
 
আপনাদের আইন-ফাইনে ঢোকাচ্ছে ঘুণ!
মানুষের মুঠোয় স্বাধীনতার নষ্টভ্রুণ।
 
অস্ত্রটা মিলর্ড, আদিষ্ট প্রতিবর্ত মগজে –
ওই শিসটাই; বেজেছিল আপনারো ভোজে। 
 
১৭.৬.২৬

No comments:

Post a Comment