Sunday, February 18, 2024

শীতে বৃষ্টি

যেন অগুন্‌তি ঘাড়েচর্বি টেকো, যানজটে স্থির,
রাতপথে সোনালি আলোয় একপ্রস্থ ঘ্যাম গাড়ির অধীর!
মাঝে মধ্যে গামছা ঝাড়ছে ট্রাক –
মহাকাশ অনির্বচনীয়। ভারত গিয়েছিল, এবারে পাক। 

নিজ পাড়াটিরো গল্প অঘটন ঘটে গেলে জানি।
যদিও বলতে দেশ,
মানচিত্র কল্প গড়ে বেশ;
কবি বটি – গুগ্‌ল কোন ছার!
তবু যদি চাও আরো কিছু শ্যামল উদ্ভাস
– নক্ষত্র, সাগর, ঘাস –
বলে যাও, তারিফ করবে এই খাক্‌সার।

ছন্দে বেয়াদপি? জানি।
মাফ করো বীণাপাণি!
সব নিয়েই যে ভিজছি –
ঝিলিমিলি ট্রাফিক, রেডিও মির্চি।

রকমারি চলছে পিশাচসিদ্ধি!
বাগদাদে, আহমেদাবাদে,
মানুষ মরলো, তার কতগুণ বিষবৃদ্ধি
মগজে, শাসকদের প্রসাদপুলকে,
এই মর্ত্যলোকে,
তার খতিয়ান …
আঙুলে জ্বলছে শেষটান। 

বৃষ্টি।
শীতে বৃষ্টি।

২০০৯ -১০ 

No comments:

Post a Comment