Wednesday, October 5, 2022

মেলিয়া এজেডেরাক

খুঁজতে খুঁজতে নেটে পেলাম সেদিন
বুলস-আই – মেলিয়া এজেডেরাক – বকাইন …
                             রবীনদা! কোথায় আপনি?
 
ছিলাম প্রকৃতির বিস্ময়ের সামনে নত
শিমুলতলায়, উনিশশো ছিয়াত্তরের এপ্রিলে,
আকন্ঠপুষ্পিত দীর্ঘ জোড়া বকাইনের নিচে দাঁড়িয়ে
ফুলের মৃদু বৃষ্টিতে অভিভূত
আমি আর শিউবচ্চনজী …
 
স্বর্গের পাখিও দেখার ছিল তখনি মরমী অপরাহ্নের আলোয়
কাঠের গেট ধরে দাঁড়িয়ে –
প্রশ্নে নড়েছিল ডানা,
‘প্যাসেঞ্জারটা এসেছে কিউল থেকে, জানেন?

যদিও বলা আছে নিসর্গের কানে,
                             ‘আবার আসিব ফিরে’,
‘যেতে নাহি দিব’
                   নিঃশব্দ গর্জন ঘাসের, শুনেছি;
বদলে গেছে সময়।
 
মুঠোয় শক্ত করে ধরে রেখেছি বালি –
মাথার শ্যাওলার জটে লগি ফাঁসাচ্ছি সারাদিনরাত
তবু মাঝে মধ্যে জলের গহীনে ছায়াপথ;

মেলিয়া এজেডেরাক নম্র বিষ হয়ে ছড়িয়ে পড়ছে রক্তে।

 


No comments:

Post a Comment