Friday, September 2, 2022

কথান্তর

যখন স্টিমারে ডিসেম্বরের রোদে, চার দশক হল
ডেকে সিগ্রেট ফুঁকতে ফুঁকতে মাঝগঙ্গা পেরুচ্ছি,
পাশ কেটে যাচ্ছে বড় বিপজ্জনক একটা চড়া –
সে একরকম বলছে আমি অন্য কথা রেখে মনে
চুপ করে শুনে ভাবছি এ যে উল্টোদিকে হাঁটছে!
তাও কী বন্ধুত্ব দিল মুজফফরপুরে নতুন সংগঠন! …
 
যেসময় কোলিয়ারির রেললাইন পেরুচ্ছি কাত্রাসে,
মাথা খাচ্ছি পাটনায় সাহেবদের ওর ওপর হওয়া
জুলুমের প্রতিকারে, তখনও ফোনে ও নিজের মত …
সাকচি আমবাগান হোক বা বিষ্টুপুর বা ফ্ল্যাটটায়
গয়া বা কলকাতা বা গোমো, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ
ও এককথা বলেছে আমিও আরো কথান্তরে গেছি …

এমনকি ওর ঘরে বসে ওর ঘরণীর দারুণ রান্নাও
খাওয়া থামিয়ে আমি একভাবে দেখিয়েছি দেশটা ও
অন্যভাবে; দুজনেরই বকুনি জুটেছে, থামো এবার! …
সংগঠনটা অনেক বড় আজ, কত নতুন মুখে ভরা।
ভিন্ন ভাবনায় সঙ্গে থেকে লড়েছি, গত হয়েছে সে।
গ্লানি হয় যে কী ভেবে আরো বাড়ালাম না কথান্তর!

৩.৯.২২


  

No comments:

Post a Comment