Wednesday, May 18, 2022

চশমা

(পঞ্চাশের দশকে স্বদেশ-নির্মাণে শরিক এক পূর্বজকে)
 
তুমি ও তোমারই মত অনেক স্থপতি
ভেসেছিল যারা, শুনে উদ্বুদ্ধ দেশের
স্বপ্নলীন নির্বচন – পাহাড়ে জঙ্গলে,
জনপদে, ক্যাম্পে – মিশে ভাষায়, জাতিতে,
চৈতন্যে বিশ্বাস ছিল হবে, সব হবে –
স্বাধীন ভারতবর্ষ, রুশ কিম্বা চীন
কিম্বা ভারতবর্ষেরই পথে হবে ভালো…
সে কিছু উন্মুখ দিন ছিল এ মাটির!

আমরা যারা সন্তান, ঠা’রি অন্ধকারে
অসমাপ্ত উন্মেষের কার্বনতারিখ –
নুনের আগাছা ভরা শ্রমের সম্ভার!
তোমাদের কাছে বসে সেসব দিনের
অভিজ্ঞতা শুনি আর ফিরি চোখে নিয়ে
চশমা তারুণ্যময়, পুড়ে যাওয়া কাঁচ।
 


No comments:

Post a Comment