Friday, February 11, 2022

মাল্লা

ফিরে আসতে চাই বলে ভালোবাসি যেতে
ভরদুপুরে কান্ডলার নুনের হাওয়ায়
খনিপথে একহাজার সাইকেলারোহীর
সোনামাখা ব্যস্ততায় ধাবিত প্রত্যুষে।
 
চুটিয়ে ক’দিন লিখতে তীব্র ইনল্যান্ড
পকেটে পয়সা থাকলে এসটিডি বুথের
নিরালায় ডাকিয়ে এনে – প্রতিবেশী ঘরে
গাঢ় করতে রাত বহু ভাষার জাংশনে।
 
আমাদের বাঁচাটাই যে হয় না, পৃথিবীর
দশ জেটিতে মাল্লার ধ্যাঁতানি না খেলে। …
 
সিঁড়ির মুখে কাদাজল, কাঁধে ব্যস্ত রাত;
কড়া নাড়ছি বহুক্ষণ, হয়তো শোনোনি,
যেতে চাই ফিরে আসতে জলের দোটানায় –
কী করব? মাল্লা বলে, “স্যাঙাৎ! কদ্দূর?”

 


No comments:

Post a Comment