Wednesday, December 8, 2021

ভুল করে

বড়লোকেরা শাসকের গুলি খেয়ে মরে না সচরাচর,
ভুল করে তো একেবারেই নয়;
গরীবেরা মরে,
গরীব দেখলেই শাসকের ভুল হয়।
 
শাসক বলতেই সশস্ত্র বাহিনী,
বড়লোকের জন্য নয়,
তাদের জন্য কোটেপ্যান্টে আধিকারিক –
মানে স্বপ্নে – উদীয়মান বড়লোক;
গরীবের জন্য শাসক বলতে
সেই সশস্ত্র – বাহিনী কিম্বা ঠ্যাঙাড়ে –
সরকারি বা খুচরো ঠিকেদারি –
মোটামুটি গরীবেরই পচা নোখ!
 
কেন্দ্রাঞ্চলে গুলি খুব কম চলে,
রাজধানীতে তো কালেভদ্রে –
রক্তমুখী নীলার মত দুর্লভ, শহরের
মহাফেজখানায়!
সীমাঞ্চলে প্রায়শই চলে,
সীমার সুরক্ষা বলে কথা –
স্কুলের বালিকাও ভুল করে মরে যায়!

আর তারপর শ্রমিক –
নাগাল্যান্ডে হোক বা কাশ্মীরে! …
এটাই কি অনেক নয়!
শাসকের টিভি-মুখ হঠাৎ দুঃখ-তিমিরে!

সীমাঞ্চল এমনিতেও
বলতে কেল্লার কেওয়াড়!  
জবর ধরে আনা বহুবিধ হাঁসমুরগির
গোঙানি, রক্ত-পালক-হাড়,
থেকেই যায় শত পরিষ্কারেও।
স্বাধীনতার পঁচাত্তর বছরেও।

৮.১২.২০২১


Other version

ভুল করে

বড়লোকে শাসকের
গুলি খেয়ে মরে না আকচার,
ভুল করে একেবারেই নয়;
গরীবেরা মরে,
গরীব দেখলে শাসনে ভুল হয়।
 
শাসক বলতে সশস্ত্র দলবল,
ধনীর জন্য নয়,
তাদের জন্য ধোপদুরস্ত
আধিকারিক – স্বপ্নে ব্যস্ত –
উদীয়মান ধনী;
গরীবের শাসক বলতে
সেই সশস্ত্র – উর্দি সরকারি,
বা ফড়ের ধাড়ি  –
মোটামুটি গরীবঘরেই ফণী!

কেন্দ্রাঞ্চলে গুলি চলে কম।
রাজধানীতে চলাও বড় দায় –
সীমাঞ্চলে প্রায়ই চলে, সুরক্ষার ছলে –
স্কুলবালিকাও ভুলে মরে যায়!

আর তারপর শ্রমিক –
নাগাল্যান্ড হোক বা কাশ্মীরে! …
এটাই অনেক নয়?
শাসকের টিভিমুখ দুঃখতিমিরে?

সীমাঞ্চল এমনিতেও কেল্লার কেওয়াড়! 
জবর ধরে আনা বহু হাঁসমুরগির
গোঙানি, রক্ত-পালক-হাড়,
থেকেই যায় শত পরিষ্কারেও।
স্বাধীনতার বয়স পঁচাত্তরেও।

৮.১২.২০২১

 



No comments:

Post a Comment