Wednesday, August 25, 2021

অতিমারি পেরিয়ে বৈঠক

রয়ে যখন গেলাম
যত জন রইলাম
কাজ তাহলে আগের মতই চালাই?
যারা গেল তাদের
শোকেও তো বসিনি –
মানে, কাছের; উদাস তো দেশটাই।

যে আসন খালি,
সেখান হয়ে নতুন
হাঃ, রোদ্দুরও আসবে না।
যারা আছি চিনি
একে অন্যের মুখে
বন্ধুদাগ – এ রাষ্ট্রের প্রতি ঘৃণা।

ফোন বাজছে কারোর –
কী দারুণ সুর!
অথচ যার নাম স্ক্রিনে – আছে?
নেই; তার স্ত্রী বা
মেয়ের কন্ঠে বৃষ্টি;
বাঁচাটা তো আনতে হবে ধাঁচে!

একটা মাছি প্লেটে
আটকে গেছে চায়ে –
ধুয়ে আসব, এটাই স্বাভাবিক।
ইচ্ছে করছে না,
থাক, চলুক ঘষটে,
আমরা খুঁজি ছন্দে ফেরার ঋক।

লুটের শাসন মত্ত,
মুখে রক্ত-স্বাদ,
ভাঙছে ভারতপথের একেক থাম!
যা করছি, তুচ্ছ!
আরো শিগগির দরকার
ঐক্যে তুলতে অত্যাচারের দাম।
 
পাটনা
২৩.৮.২০২১



 

No comments:

Post a Comment