Monday, January 25, 2021

বেঙ্গালুরু – ৪ জানুয়ারি ২০২১

সকাল থেকে কয়েক ঝাঁক পায়রার
বিষন্ন ওড়াউড়ি শূণ্য স্কুলবাড়িটার ছাতে, কার্নিশে,
বারান্দায় ... শিশুরা আসছে না এক বছর হতে চলল।

সামনে মারিয়াম্মা মন্দিরেরই খোলা মাঠে
অনুষ্ঠান হত ওদের – জয়ন্তী উদযাপন বা বার্ষিক
পুরস্কার বিতরণ, নাচ, গান, খেলা – দেবীও কি বিষন্ন?

বিষন্ন সবাই, দক্ষিণের এই শহরের দেয়ালে অঙ্কিত
জননায়কেরা (বুদ্ধ ও আম্বেদকরকে দেখতে পারছি),
প্রাতঃস্মরণীয়েরা (এক কুভেম্পুকে চিনছি),

স্কুল বন্দ থাকা চাট্টিখানি কথা?
এ দেশটার নতুন হয়ে ওঠার সমস্ত রকম –
মানে সমস্ত রকম – ভোরের রাস্তায়

দৌড়োনো খেলোয়াড় থেকে রাত জেগে বেলা অব্দি ঘুমোনো
কবি অব্দি হয়ে ওঠার গানের দেড়শোরও বেশি বছরে
প্রধান আবহ-সুর, স্কুলে যাওয়া বাচ্চাদের কিচিরমিচির

অথবা না যেতে পারা বাচ্চাদের জন্য ক্ষোভ, বিতর্ক ...
আর সেই স্কুল বন্দ কত মাস!
আমরা অনলাইন ক্লাসে খুঁজছি আশার নতুন গড়ন

ব্যাঙ্গালোর
৪.১.২১



No comments:

Post a Comment