Sunday, November 29, 2020

দিদারগঞ্জের যক্ষী

ছবি তোর সহজ আজ,
আভাসি রূপকথা –
              মুঠোফোনেই ঘোরে!
সেখান থেকেই তোকে নিয়ে
দুপুরে পৌঁছোই,
দীর্ঘ এক অশ্বত্থের
                      পাতার মর্মরে। …
 
কেমন আছিস, ভালো?
তোকে প্রথম দেখার সময়
জানতামও না আগে
জানতে হত নিগড় তোর,
ঘাঁটতে হত সভ্যতার
                ব্যথার জল, কালো।  
 
জল অর্থে ছিল তো ঐ
আশৈশব ডোবা,
যাওয়াআসায় ভরা;
তারই চোখে আকাশ হত
               মর্ত্য সসাগরা!
জাদুঘরে অবাক দেখে 
উদ্ধত স্তন, ঘেমো চিবুক,
            অনির্দ্দিষ্ট চোখ,
ভাবি নি তোর নগ্নতা এক রোখ,
শাণিত ঐ দ্যুতি – গোপন পথ,
ধুলোয় যার গোন্ডোয়ানা,
                  হড়প্পা, মগধ।  
 
কুহক ছিল গর্বিত তোর মুখ;
আমায় যেন করলি তোর
শাপিত শুশুক –
                নেমেছি সন্ধেয়,
সিন্ধু-মোহানায়, অনেক
                 দক্ষ দাঁড়ের গন্ধে ...
 
আজও সে সন্ধে আছে বুকে –
ইচ্ছে হয় সাথে বসে
দু’হাজার বছর, 
              কথা বলি সুখে!
 
পুনর্লিখন, ব্যাঙ্গালোর
২২.১১.২০
   
পুনর্লিখন, ব্যাঙ্গালোর
২২.১১.২০




No comments:

Post a Comment